সরে দাঁড়ালেন এক 'সেরা'

স্পেনের ডাগআউটে বসে আছেন ভিসেন্তে দেল বস্ক, ম্যাচের তখন শেষ মুহূর্ত। কিন্তু দেল বস্কের অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই, স্পেন ৩-০ গোলে এগিয়ে আছে নাকি ১-০ গোলে পিছিয়ে! শেষ ষোলোর ম্যাচে ইতালি এগিয়ে গেল ২-০ গোলে, দেল বস্কের তবুও কেমন যেন নির্বিকার ভাবভঙ্গি! স্মৃতিতে গেঁথে রাখুন ওই ছবি। কারণ, আর কখনো কোনো ডাগআউটে দেখা যাবে না তাঁকে। ফুটবল কোচ হিসেবে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন দেল বস্ক।
পরশু স্পেনের জাতীয় রেডিও ন্যাশনাল দে এস্পানার এক সাক্ষাৎকারেই বিদায় বলে দিলেন। প্রায় আট বছর স্পেনের কোচের দায়িত্ব পালন করে সম্ভাব্য সবকিছু জিতিয়েছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন, দুই বছর পর ইউরোও। কিন্তু ৬৫ বছর বয়সে স্পেন দলের ভার বওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে তাঁর জন্য, ‘আমার চালিয়ে যাওয়ার (কোচ হিসেবে) কোনো ইচ্ছে নেই। এ সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলাম। ৩১ জুলাই পর্যন্ত আমার চুক্তি আছে। তারপর ফুটবল থেকে অবসরে যাব।’
২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবার ইউরোতেও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায়। তবে দেল বস্কের ভাষায় দলের পারফরম্যান্স এ সিদ্ধান্তে কোনো প্রভাবই ফেলেনি, ‘ইউরোতে যে ফলই হোক না কেন, আমার সিদ্ধান্ত বদলাত না। সতর্কতা হিসেবে সিদ্ধান্তটি আগে জানাইনি। আমি পালাচ্ছি না আবার নিজেকে জাহিরও করছি না।’
সর্বকালের সেরার কোনো মাপকাঠি নেই। তবে অর্জনে দেল বস্ক ছাপিয়ে যাচ্ছেন বাকিদের। একমাত্র কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরো এবং বিশ্বকাপ জেতার কৃতিত্ব তাঁর। কিন্তু এবার ইউরোর হ্যাটট্রিক শিরোপার হাতছানিটা শেষ ষোলোতেই থামল স্পেনের। তবে দেল বস্কের কাছে হারটা ‘বিনা মেঘে বজ্রপাত’ও ছিল না, ‘আমি আগেই বলেছি, এটা (ইউরো) আবার জেতা হবে খুব কঠিন।’
বিদায় বলে দিলেও ভবিষ্যতেও স্পেনের ফুটবলের সঙ্গে অন্যভাবে জড়িত থাকতে চান দেল বস্ক, ‘এই সিদ্ধান্তের ব্যাপারে নিঃসংশয় ছিলাম। আমাকে আর ডাগআউটে দেখা যাবে না। তবে স্প্যানিশ ফুটবলের সংস্পর্শেই থাকব, যেকোনো সাহায্য করতে প্রস্তুত আমি।’
বিদায়ের মুহূর্তে মন কিছুটা খারাপ হবেই দেল বস্কের। গত বিশ্বকাপের পর এ ইউরোতেও তাঁর দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, একসময়ের প্রিয় শিষ্য ইকার ক্যাসিয়াসের সঙ্গেও চিড় ধরেছে সম্পর্কে। বিদায় নিচ্ছেন, এই খুদে বার্তা পাঠিয়ে শুধু ক্যাসিয়াস ছাড়া সব খেলোয়াড়কে জানিয়েছেন আগেই! এ নিয়ে বিদায়বেলায় হতাশা শোনা গেল তাঁর কণ্ঠে, ‘ক্যাসিয়াস আমার সিদ্ধান্ত নিয়ে কষ্ট পেয়েছে। আমাদের (কোচিং স্টাফ) সঙ্গে হয়তো রাগও করেছে, সে জন্য আমি তাকে জানাইনি। তবে সে আমাকে হতাশ করেনি, আমি এখনো ওর খেলায় মুগ্ধ।’ রয়টার্স, এএফপি, মার্কা।
কোচ দেল বস্ক
ক্লাবের (১৯৮৭-২০০৫)
লা লিগা: ২, স্প্যানিশ সুপার কাপ: ১, চ্যাম্পিয়নস লিগ: ২, উয়েফা সুপার কাপ: ১, ইন্টারকন্টিনেন্টাল কাপ: ১
সব শিরোপা রিয়াল মাদ্রিদের হয়ে
স্পেনের (২০০৮-২০১৬)
ফিফা বিশ্বকাপ: ২০১০, ইউরো: ২০১২