সরে দাঁড়ালেন টুটুল
যতটা চমক হয়ে এসেছিল জ্যেষ্ঠ সহসভাপতি পদে তাঁর প্রার্থী হওয়া, তার চেয়ে বেশি চমক সেটি প্রত্যাহারে! দেওয়ান শফিউল আরেফিন টুটুল পরশু প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাফুফের নির্বাচনে ‘ফুটবল বাঁচাও’ পরিষদ থেকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। কিন্তু চব্বিশ ঘণ্টা না পেরোতেই প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন।
ওই সাক্ষাৎকারেই টুটুল বলেছিলেন, সহসভাপতি নয়, তাঁর ইচ্ছা ছিল সদস্য পদে প্রার্থী হওয়ার। জ্যেষ্ঠ সহসভাপতির সঙ্গে সদস্য পদের জন্যও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কাল সদস্য পদের প্রার্থিতাও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এভাবে হঠাৎ সরে যাওয়ার কারণ জানতে কাল সন্ধ্যায় বেশ কবার ফোন করলেও তিনি কোনো সাড়া দেননি।
জ্যেষ্ঠ সহসভাপতি পদ থেকে টুটুলের সঙ্গে বাকি দুই প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সালাম মুর্শেদী আরেক মেয়াদের জন্য এই পদে নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি শীর্ষ পদগুলোতে প্রার্থী তালিকা: সভাপতি (চার প্রার্থী)—কাজী সালাউদ্দিন, কামরুল আশরাফ খান, গোলাম রব্বানী হেলাল ও নুরুল ইসলাম। সহসভাপতি: ৪টি পদ। প্রার্থী ১০ জন। সালাউদ্দিনের পরিষদ—বাদল রায়, শামসুল হক চৌধুরী, কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন মহি। ফুটবল বাঁচাও পরিষদ—আশরাফউদ্দিন চুন্নু, নজিব আহমেদ ও খুরশিদ বাবুল। স্বতন্ত্র—তাবিথ আউয়াল, শেখ মোহাম্মদ মারুফ হাসান ও মমিনুল হক সাইদ। ১৫টি সদস্য পদে প্রার্থী ৩৩ জন।