সরে দাঁড়ালেন হজসন

আইসল্যান্ডের কাছে হারের ধাক্কা তখনো কাটিয়ে ওঠেনি ইংলিশ সমর্থকেরা। ‘কী হতে কী হয়ে গেল’ এমন একটা ঘোরে তখনো রুনি-স্টারিজরা। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ইংলিশ কোচ রয় হজসন। সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে জানালেন সেই সিদ্ধান্ত, ‘আমরা ইউরো থেকে ছিটকে পড়েছি, এখন অন্য কারও সময় এসেছে এই প্রতিভাধর খেলোয়াড়দের দেখভাল করা। আমার চুক্তি ইউরোর পর এমনিতেই শেষ হয়ে যেত। আরও দুই বছর থাকতে পারলে ভালো লাগত, কিন্তু এখন অন্য কারও সময় এসেছে।’
কোচের পদত্যাগের ঘোষণাটার চেয়েও বিস্ময় হয়ে এসেছে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই হজসনের বিবৃতি তৈরি করে ফেলার ক্ষমতা। পদত্যাগের জন্য আগে থেকেই কি প্রস্তুত ছিলেন হজসন? ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় দুর্ঘটনার শঙ্কা আগেই করেছিলেন!
চার বছর ইংল্যান্ডের কোচের দায়িত্বে ছিলেন হজসন। এ সময়ে তাঁর অধীনে ৫৬টি ম্যাচের ৩৩টিতেই জিতেছে ইংল্যান্ড, ১৫টি ড্র করেছে, আর হেরেছে মাত্র ৮টিতে। কিন্তু এই সময়ে তিনটি বড় টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। গত ইউরোতে ফিরেছে কোয়ার্টার ফাইনাল থেকে, আর ব্রাজিল বিশ্বকাপে তো গ্রুপ পর্বই পেরোতে পারেনি। বিদায়বেলায় সে হতাশাই শোনা গেল হজসনের কণ্ঠে, ‘আরেকটি টুর্নামেন্ট থেকে এভাবে বিদায় নিতে হওয়ায় আমি দুঃখিত। আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি।’ এএফপি।