সরেই যেতে হলো ব্ল্যাটারকে

গত শুক্রবার রাতেও মঞ্চটা তাঁর ছিল। পঞ্চমবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হয়ে সেপ ব্ল্যাটার জুরিখের হ্যালেনস্টাডিয়নের মঞ্চে যে উল্লাস দেখিয়েছিলেন, মনে হচ্ছিল যেন জীবনে প্রথম কোনো নির্বাচনে জিতেছেন! সভাপতির দপ্তরটা যাঁরা আরও একবার এনে দিলেন, তাঁদের সঙ্গে ছবিও তুললেন অনেকক্ষণ ধরে। মুখে সেই গর্বিত হাসি! যে হাসি দেখে মনে হচ্ছিল, দুর্নীতির অভিযোগে ফিফা যতই টালমাটাল হোক, এ লোককে হটানোর সাধ্য নেই কারও!
চার দিন পর কী বিস্ময়করভাবেই না দৃশ্যটা বদলে গেল! অর্ধেকের বেশি ইউরোপকে পাশে নিয়ে প্রিন্স আলী বিন আল হুসেইন নির্বাচনে যা করতে পারেননি, ব্ল্যাটার নিজেই তা করলেন নিজের সঙ্গে। নাটকীয়ভাবে সরে দাঁড়ালেন সভাপতির পদ থেকে! শেষের বাঁশি বাজল ফিফায় ১৭ বছরের ‘ব্ল্যাটার-রাজ’-এর। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফিফার ক্ষমতার করিডরে তাঁর প্রথম পদার্পণের সময়টা ধরলে প্রায় ৪০ বছর। সরে যাচ্ছেন, কিন্তু যত দিন না নতুন উত্তরসূরি দায়িত্ব নিচ্ছেন, তার আগ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন ব্ল্যাটার। কাল জুরিখে অফিসও করেছেন।
এফবিআইয়ের তদন্তে মহা আর্থিক কেলেঙ্কারি ফাঁস, জুরিখে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার, বিশ্বকাপের স্বাগতিক হতে দক্ষিণ আফ্রিকার ঘুষ দেওয়ার অভিযোগ—সবকিছু মিলে ‘ব্ল্যাটার হটাও’ ধ্বনিটা ক্রমশ জোরালো হয়ে উঠেছিল। কিন্তু ৭৯ বছর বয়সী এই সুইস ফুটবল প্রশাসক সেসব পাত্তাই দেননি। নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে কান দেননি। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভোটাভুটির প্রথম ধাপে প্রিন্স আলী বিন আল হুসেইনের বিপক্ষে এত ব্যবধানে জিতেছেন যে, দ্বিতীয় ধাপে আর প্রতিদ্বন্দ্বিতাই করেননি জর্ডানের রাজপুত্র। পরের চার দিনে এমন কী হলো যে, সেই ব্ল্যাটার নিজেই সরে গেলেন?
সবচেয়ে বড় কারণ কি পরশু ইংল্যান্ডের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত খবরটা? যাতে বলা হয়, ইউরোপ আলাদাভাবে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে। সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তাব দিতে পারে দক্ষিণ আমেরিকার ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলোকেও। এ নিয়ে নাকি আগামীকাল উয়েফার জরুরি বৈঠকও হওয়ার কথা ছিল। এই খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার।
জরুরি সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষণায় ফিফা সভাপতি বলেছেন, ‘নির্বাচনের রায় আমার পক্ষে গেছে। কিন্তু মনে করি না, সমর্থক, ফুটবলার, ক্লাব এবং সেই মানুষগুলো যারা ফুটবলের জন্য বাঁচে, নিশ্বাস নেয়, ফুটবলকে ভালোবাসে, তাদের সবার সমর্থন আমি পেয়েছি৷ সেই কারণেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ফিফায় যে আমূল সংস্কার দরকার, ব্ল্যাটার স্বীকার করেছেন সেটাও। আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হতে যাওয়া বিশেষ কংগ্রেসের আগে যেটুকু সময় পান, সেই চেষ্টা করে যাবেন বলেও জানিয়েছেন, ‘যেহেতু আমি এবার প্রতিদ্বন্দ্বিতায় থাকব না, এখন আমি নির্বাচনী বাধ্যবাধকতা থেকে মুক্ত৷ এখন তাই আমার মনোযোগ হবে ভবিষ্যতের দিকে, মৌলিক পুনর্গঠনের দিকে। যে চেষ্টা আমরা আগেও করে এসেছি।’ ইঙ্গিত দিয়েছেন, ফিফাকে নিয়ে নানা বিতর্কের মূলে আছে নির্বাহী কমিটির বিপুল ক্ষমতা। আর সে কারণেই বলেছেন, এই কমিটির ক্ষমতা ও আকার কমিয়ে আনতে হবে। শুধু ফিফা সভাপতি নয়, নির্বাহী কমিটির সদস্যদেরও নিজ নিজ কনফেডারেশনের মনোনয়নের বদলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে এবং মেয়াদ নির্দিষ্ট করে দিতে হবে। তাহলেই ফিফায় স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব।
শেষ পর্যন্ত তাঁর সরে দাঁড়ানোর ঘোষণায় প্রতিপক্ষ শিবিরে উচ্ছ্বাস, স্বস্তি দুটোই আছে। তবে যে দুটি দেশের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়ে এত বড় বিতর্ক তৈরি হয়েছে, সেই দক্ষিণ আফ্রিকা আর কাতার পাল্টা তির ছুড়েছে ব্ল্যাটারবিরোধীদের দিকে। ঘুষ দিয়ে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার অভিযোগ আবারও অস্বীকার করেছে কাতার। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীও উড়িয়ে দিয়েছেন ঘুষ দেওয়ার অভিযোগ। গত পরশু বেশ কয়েকটি ব্রিটিশ দৈনিক ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএএফএ) থেকে ফিফা মহাসচিব জেরোমে ভাল্কের কাছে পাঠানো একটা চিঠি ছাপায়। যেখানে ভাল্কের মাধ্যমে এসএএফএর কনক্যাকাফ অঞ্চলের ফুটবল উন্নয়নের জন্য এক কোটি ডলার দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা যেটাকে ২০১০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার দেওয়া ঘুষ বলে দাবি করছে। তবে কাল সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবুলুলাও আরও একবার সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এক কোটি ডলার দেওয়া হয়েছিল একটা অনুমোদিত প্রকল্পে, এটা ঘুষ নয়। যারা এসব অভিযোগ তুলছে, তাদেরই উচিত সেটা প্রমাণ করা। যদি টাকাটা অন্য কাজে ব্যয় করা হয়ে থাকে, যেটা আমরা জানি না, সেই দায় তো আমাদের নয়।’ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আয়োজক হওয়াটা ২০০৪ সালেই চূড়ান্ত হয়ে যায়। চার বছর পর কেন তারা ঘুষ দিতে যাবে—এর আগেই এই প্রশ্ন তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
ব্ল্যাটারের বিরুদ্ধে অবশ্য এখন পর্যন্ত সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। তবে কাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, ফিফার যাবতীয় দুর্নীতির অভিযোগে এখন এফবিআই তদন্ত করছে ব্ল্যাটারকে নিয়েও। কারণ ১৭ বছর ধরে তিনিই তো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বময় কর্তা। যুক্তরাষ্ট্রের তদন্তেই গত সপ্তাহে জুরিখে আটক করা হয় ফিফার সাত শীর্ষস্থানীয় কর্মকর্তাকে। ওই সাতজনসহ মোট ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় তখন। এই ১৪ জনের মধ্যে সাবেক ফিফা সহসভাপতি জ্যাক ওয়ার্নার ও নির্বাহী কর্মকর্তা নিকোলাস লিওজকে এরই মধ্যে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত করেছে ইন্টারপোল। এএফপি, রয়টার্স।