সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙছেন পগবা!

ম্যানচেস্টার ইউনাইটেডেরই খুঁজে আনা রত্ন তিনি। পেশাদার ফুটবলে অভিষেকও হয়েছিল ইউনাইটেডের হয়েই। সেই পল পগবাকে আবারও নিজেদের জার্সিতে ফেরাতে এবার নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে। যা খবর মিলছে, তাতে পগবাকে কিনতে ১১০ মিলিয়ন ইউরো নাকি খরচ হবে ইউনাইটেডের। আর তা হলে দলবদলের বাজারের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার নতুন রেকর্ড গড়বেন পগবা। ১০০ মিলিয়ন খরচ করে গ্যারেথ বেলকে টটেনহাম থেকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই এখনকার বিশ্ব রেকর্ড।
পগবা ইউনাইটেডে আসছেন, এটা একরকম নিশ্চিত। ইউনাইটেড ও জুভেন্টাসের কর্মকর্তারা এই ট্রান্সফার নিয়েই এখন কাজ করছেন। পাঁচ বছরের চুক্তিতে নিজের পুরোনো ঠিকানায় তিনি ফিরছেন। বার্ষিক বেতন হবে ১৩ মিলিয়ন ইউরো, যা এখনকার বেতনের প্রায় তিন গুণ।
ফরাসি এই মিডফিল্ডার ২০১২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন না করে অনেকটা গোপনে জুভেন্টাসের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছিলেন। যেটা সে সময় খেপিয়ে তুলেছিল কোচ আলেক্স ফার্গুসনকে। ক্লাবের প্রতি পগবা অসম্মান দেখিয়েছেন বলেও মন্তব্য করেন ফার্গুসন। বলেন এ ধরনের খেলোয়াড় ক্লাবে থাকার চেয়ে না থাকাই ভালো।
১৯ বছর বয়সী পগবার মধ্যে অমিত সম্ভাবনাই দেখেছিলেন ফার্গি। কিন্তু প্রথম একাদশে জায়গা পেতে তাঁকে আরও অপেক্ষা করতে হতো। সেটাই করতে রাজি ছিলেন না পগবা। এ কারণেই ক্লাব বদলে ফেলেন। এবার যখন ফিরছেন, মরিনহোর একাদশে অন্যতম ভরসা হয়ে থাকবেন তিনিই। খামোখা মাঝখানে রেড ডেভিলদের এতগুলো টাকা গচ্চা যাচ্ছে। পগবার দাম যে উঠছে বাংলাদেশি মুদ্রায় ৯৫০ কোটি টাকারও বেশি!