সর্বকালের সেরা হতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপিয়ান গোল্ডেন বুট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি
ইউরোপিয়ান গোল্ডেন বুট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি

ক্যারিয়ারে অজস্র পুরস্কার জিতেছেন। ফিফা ব্যালন ডি’অরই জিতেছেন দুবার। ইউরোপিয়ান গোল্ডেন বুটও আগে দুবার পেয়েছিলেন—একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, আরেকবার রিয়াল মাদ্রিদের পক্ষে। তৃতীয়বার এই পুরস্কার প্রাপ্তি খুব বেশি উদ্বেল করার কথা নয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে পুরস্কার মানেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রেরণা, আর এটাই রোনালদোকে আনন্দিত করে। উচ্ছ্বসিত রোনালদো বলেই ফেলেছেন ইতিহাসের সেরা ফুটবলার হতে চান!
ইউরোপিয়ান ঘরোয়া লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে পেয়েছেন রোনালদো। সুয়ারেজের হাতে এটা উঠেছিল গত মাসেই, তবে রোনালদো তখন পুরস্কার নেননি। পরশু মাদ্রিদের আলাদা একটা অনুষ্ঠানে সেটি হাতে নিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। পুরস্কার হাতে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন শুভানুধ্যায়ীদের, ‘আমি আশা করিনি এখানে এতজন আসবেন। আমি সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি, ওরা না থাকলে এটা আমার পাওয়া হতো না। আমি আমার পরিবার, ভক্ত ও সমর্থকদেরও আমাকে বিশ্বের সেরা ক্লাবে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই।’
এবার যৌথভাবে নিতে হলেও সামনের বার পুরস্কারটা হয়তো এককভাবেই নিতে চাইছেন পর্তুগিজ তারকা। লা লিগায় যে ১০ ম্যাচেই করে ফেলেছেন ১৭ গোল! রিয়ালে আরও চার বছর খেলতে চান, ‘আমি এভাবেই খেলতে চাই, গোল করতে চাই ও করাতে চাই। আমার চুক্তি বাড়ানোর জন্য ফ্লোরেন্তিনোর (পেরেজ) কথা বলব। আশা করব, আমার ৩৩ বছর বয়স পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকব।’
এই মুহূর্তে বিশ্বের সেরা দুই ফুটবলারের একজন। কিন্তু রোনালদো ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান? জানাচ্ছেন, ‘গত পাঁচ বছরই আমার পরিসংখ্যান খুব ভালো। শেষ দুই বছরে সেটা আরও ভালো হয়েছে। পর্তুগালের সেরা হওয়াটা আমার জন্য যথেষ্ট নয়। আমি সর্বকালের সেরা হতে চাই।’ মার্কা, গোলডটকম।