সর্বকালের সেরাদের একজন হতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে রোনালদো। ছবি: রয়টার্স
গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে রোনালদো। ছবি: রয়টার্স

ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার প্রদান অনুষ্ঠানটা দুই পর্বে হলো। একটা পর্ব হয়েছিল গত মাসে। অনুষ্ঠান দুই পর্বে ভাগ হওয়ার কারণ ছিল গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যুগ্মভাবে পেয়েছেন দুজন—ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ।
স্প্যানিশ দৈনিক এল মুন্দো দেপোর্তিভো-এর দাবি ছিল, সুয়ারেজ থাকবেন বলেই নাকি নভেম্বরে আলাদা একটা অনুষ্ঠানে পুরস্কারটা নিতে চেয়েছেন ‘সিআর সেভেন’। সে পুরস্কারটা আজ নিলেন রোনালদো। পুরস্কার নিয়ে জানালেন, সর্বকালের সেরাদের একজন হতে চান তিনি।
২৯ বছর বয়সী রিয়াল তারকা নিজের সাফল্যের গল্প বললেন এভাবে, ‘সব সময় সেরা হতে চেয়েছি। সামনে এগিয়ে যেতে প্রতিদিন এ কাজটি করে যাচ্ছি। মানুষের ভাবনাকে শ্রদ্ধা করি এবং একটু একটু করে আমার সাফল্যের গল্প তৈরি করি। এখনো বহু পথ বাকি। যখন ক্যারিয়ার শেষ করব, তখন আমার পরিসংখ্যান যেন আমাকে সর্বকালের সেরাদের একজনের মধ্যে রাখে, সেটি নিশ্চিত করার চেষ্টা করব। নিশ্চিত আমি পারব।’
রিয়াল মাদ্রিদ ছাড়ার যে গুঞ্জন বাতাসে, রোনালদো তা উড়িয়ে দিয়ে বললেন, ‘আমি জিততে পছন্দ করি। ৩৩ বছর বয়স পর্যন্ত রিয়ালের সঙ্গে আমার চুক্তি থাকবে আশা করি। এখন দেখতে হবে, আমি এর চেয়েও বেশি সময় এখানে থাকব কি থাকব না।’ অর্থাৎ আগামী ২০১৮ সালের আগ পর্যন্ত রিয়াল ছাড়ার কোনো সম্ভাবনা নেই রোনালদোর। এএফপি, রয়টার্স।