সর্বকালের 'সেরা আত্মঘাতী' গোল...আরও একটা!

সপ্তাহের শুরুতেই জফরি কনদোগবিয়ার গোলটা পেয়েছে ‘সর্বকালের সেরা আত্মঘাতী’র খ্যাতি। কিন্তু এক দিন না যেতেই মুকুটটা হারাতে বসেছেন এই ফ্রেঞ্চ খেলোয়াড়। কাল এইবারের হোসে অ্যাঙ্গেল যে এর চেয়েও দুর্দান্ত এক গোল করে বসেছেন, নিজেদের জালেই! সবার দাবি কনদোগবিয়া নন, ‘সর্বকালের সেরা আত্মঘাতী’ গোলের মালিক এখন স্প্যানিশ ডিফেন্ডার অ্যাঙ্গেল।
সিঙ্গাপুরে প্রাক-মৌসুম প্রস্তুতিতে চেলসিকে একটা গোল উপহার দিয়েছিলেন কনদোগবিয়া। দুই গোলে এগিয়ে যাওয়া ইন্টার মিলান স্তব্ধ হয়ে গিয়েছিল ফ্রেঞ্চ ডিফেন্সিভ মিডফিল্ডারের এক গোলে। ৪৫ গজ দূর থেকে মারা অসাধারণ সে শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়েছিল। এমন গোল হরহামেশা দেখা যায় না। সাধে কি আর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সর্বকালের সেরা আত্মঘাতী’ গোলের স্বীকৃতি মেলে?
ভাবা হয়েছিল, এমন কিছু আর শিগগিরই দেখা যাবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন এইবার ডিফেন্ডার। অস্ট্রিয়াতে জার্মান ক্লাব শালকের বিপক্ষে কনদোগবিয়াকে অনুকরণ করার সাধ জাগল অ্যাঙ্গেলের। গোলরক্ষকের উদ্দেশে ব্যাকপাস দিতে চেয়ে লব করলেন। ৪০ গজ দূর থেকে করা অ্যাঙ্গেলের চিপ বহু চেষ্টাতেও আটকাতে পারলেন না গোলরক্ষক অ্যাসিয়ের রিয়েসগো। ব্যস, গোল পেয়ে গেল শালকে!
সেদিন অন্তত দল জেতার সান্ত্বনা নিয়ে মাঠ ছেড়েছেন কনদোগবিয়া। কাল কিন্তু ৬৭ মিনিটে অ্যাঙ্গেলের ওই গোলের আগে-পরে কোনো গোলই হয়নি। হারের জ্বালা নিয়েই মাঠ ছেড়েছেন অ্যাঙ্গেল। সূত্র: মার্কা।
গোলটি দেখে ফেলুন এখানে...