সলে মন্ত্রমুগ্ধ ক্যালদেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য এক গোলের পর সল নিগেজের ঘাড়েই চড়ে বসলেন অ্যাটলেটিকোর সতীর্থরা l এএফপি
অবিশ্বাস্য এক গোলের পর সল নিগেজের ঘাড়েই চড়ে বসলেন অ্যাটলেটিকোর সতীর্থরা l এএফপি

মাঝমাঠের একটু ওপর থেকে বলটা পেয়েই দেখে নিলেন চারপাশ। দৌড় শুরু করলেন ডান দিকে। গায়ের সঙ্গে লেপটে ছিলেন প্রতিপক্ষের থিয়াগো আলকানতারা, তাঁকে ছিটকে ফেললেন গতির তোড়ে। জাবি আলোনসো ও হুয়ান বারনাট এগিয়ে আসছিলেন, দুজনকেও কাটালেন অদ্ভুত ক্ষিপ্রতায়। সল নিগেজের সামনে তখন বায়ার্ন মিউনিখের ছড়ানো রক্ষণ জমাট বাঁধছে। কিন্তু তাঁদের আর সময় দিলেন না, বক্সে ঢুকেই বাঁ পায়ে নিলেন বাঁকানো শট। ম্যানুয়েল নয়্যারের হাত সেটির নাগাল পেল না। অসাধারণ এক গোল! ভিসেন্তে ক্যালদেরন ফেটে পড়ল উল্লাসে, বায়ার্নের খেলোয়াড়েরা হতবিহ্বল। ওই গোলটাই পরশু অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটা জিতিয়েছে। ১-০ গোলে হারার পর আলিয়াঞ্জ অ্যারেনায় এখন বায়ার্নকে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে।
যেকোনো বিচারেই গোলটা দুর্দান্ত। মঞ্চটা যখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল, সলের গোলটা নিয়ে চায়ের কাপে আরও অনেকবারই ঝড় উঠবে। ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার অ্যাটলেটিকোর একমাত্র ঘরের ছেলে। ১৪ বছর বয়স থেকে খেলছেন ক্যালদেরনে, গত লা লিগায় রিয়ালের বিপক্ষে বাইসাইকেল কিকে দারুণ একটা গোলও করেছিলেন। তবে বায়ার্নের বিপক্ষে করা এই গোলটাকেই সবার ওপরে রাখছেন সল, ‘অবশ্যই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। হয়তো সবচেয়ে সুন্দরও। আমি বল নিয়ে ড্রিবল করছিলাম, তখনই আমি দুজনকে এগিয়ে আসতে দেখি। যে পা-টা আমার বেশি ভালো, বক্সে ঢুকেই সেই পায়ে শটটি নিতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত বাঁ পায়ে মারতে পেরেছি।’
সলের গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে, তবে স্কোরলাইন ২-১ হতেই পারত। সেটা হতে পারেনি ক্রসবার ও পোস্টের জন্য। ডেভিড আলাবার ৩৫ গজ দূর থেকে নেওয়া গোলার মতো শট যেমন ফিরে এসেছে বারে লেগে, পোস্টে লেগেছে ফার্নান্দো তোরেসের একটি শট। তবে ২-১-এর চেয়ে ১-০ ফলটাই অ্যাটলেটিকোর জন্য হয়েছে ভালো। বায়ার্ন মূল্যবান অ্যাওয়ে গোল তো পায়নি!
৪৬তম জন্মদিনের আগেই ডিয়েগো সিমিওনে পেয়ে গেলেন দারুণ এক উপহার। তবে অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ জানেন, কাজ এখনো অনেকটাই বাকি। এই জয়টা তাঁর চোখে দুর্দান্ত একটা ‘সুযোগ’, ‘মিউনিখের মতো দারুণ একটা স্টেডিয়ামে ভালো কিছু করার একটা সুযোগ এনে দিয়েছে এই ফল।’
পেপ গার্দিওলা জানেন, বায়ার্নের কাজটা এখন অনেক কঠিন হয়ে গেল। হারের জন্য শুরুর জড়তাকেই দায়ী করেছেন বায়ার্নের স্প্যানিশ কোচ, ‘আমাদের শুরুটা খুব শ্লথ ছিল। গোলটা সেটারই পরিণতি। এমনকি একবারও আমরা লড়াই জিততে পারিনি।’ তবে প্রতিপক্ষকে মনে করিয়ে দিলেন সেমিফাইনালটার এখনো অর্ধেক বাকি, ‘ফলটা আমাদের জন্য ভালো হয়নি। অ্যাওয়ে গোল দিতে না পারাটা খারাপই হয়েছে। তবে এখনো ৯০ মিনিট বাকি।’
মিউনিখের ওই ৯০ মিনিটের জন্য অপেক্ষার শুরু তো হয়েছে মাদ্রিদ থেকেই! এএফপি, রয়টার্স।

সল পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়, তার তূণে অনেক তিরই আছে
ডিয়েগো সিমিওনে
অ্যাটলেটিকো কোচ
ওকে আগেই দেখেছি। দারুণ একজন খেলোয়াড়, স্প্যানিশ ফুটবল আরেকটা রত্ন পেল
পেপ গার্দিওলা
বায়ার্ন কোচ