সলোমনে উদ্ধার শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর প্রিমিয়ার লিগ শুরুর দিনে দুটি ম্যাচই দেখল নাটকীয়তা। পিছিয়ে পড়ে ব্রাদার্সের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি জিতেছে সলোমন কিংয়ের জোড়া গোলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুই গঞ্জ অর্থাৎ রহমতগঞ্জ-ফরাশগঞ্জ ম্যাচে একজন ‘সলোমন’ ছিলেন না। ম্যাচটা থাকল ১-১।

ব্রাদার্স আগে গোল করায় শেখ জামাল চাপেই পড়ে গিয়েছিল। আগের ৬ ম্যাচে ১ ড্র আর ৫ জয়ে এগিয়ে চলা শেষ জামালকে সেই চাপ থেকে মুক্তি দিলেন গাম্বিয়ান স্ট্রাইকার সলোমন। তাঁর ফ্রিকিক ক্রসবারে লাগলেও বিরতির পর করেন ১-১। কর্নার থেকে এরপর হেডে ২-১।

এর আগে কর্নার থেকে ডিফেন্ডারদের ভিড়ের মধ্যে মোহাম্মদ বিপ্লবের হেড ব্রাদার্সকে এগিয়ে নিয়েছিল। আরেকটি গোল পেয়ে গেলে হয়তো জয়ের স্বপ্নটা পূরণও হতে পারত দলটির। বক্সে এক খেলোয়াড়কে পরিষ্কার বল ছাড়াই ফেলে দিলে পেনাল্টির জোরালো দাবি তোলে ব্রাদার্স। কিন্তু রেফারি জালাল উদ্দিন সাড়া দেননি। তাই ম্যাচ শেষে কমলা জার্সিধারীরা ছিল ক্ষুব্ধ।

২-০ হয়ে গেলে শেখ জামালের পক্ষে ফেরা কঠিন হতো। তবে সেটা হয়নি, বিরতির পর সলোমন কিং দলকে জেতানোর প্রতিজ্ঞায় মাঠে নামেন। দলটাও কিছুটা জেগে ওঠে এই সময়, তাই দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ফরোয়ার্ড এনামুল লাল কার্ড দেখলেও জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।

 দুই গঞ্জের উপভোগ্য লড়াই

দুই ‘গঞ্জের’ লড়াইটা জমে উঠেছিল দারুণ। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটা আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের কাছে। পুরান ঢাকার দুই দলের ঐতিহ্যবাহী লড়াইয়ে জিততে পারত যে কেউই। তবে ৯০ মিনিট শেষে ১-১ স্কোরলাইনটাই মনে হয় ভালো হয়েছে।

পিছিয়ে পড়েও রহমতগঞ্জ ম্যাচে ফিরে জয়সূচক গোলের জন্য যেভাবে ঝাঁপিয়েছে, সেই গোল তাদের পাওয়া উচিত ছিল। কিন্তু অনেক সুযোগ হেলায় হারিয়ে আফসোসই করতে হয়েছে দলটির কোচ কামাল বাবুকে। আবার ফরাশগঞ্জ শেষ মিনিটে গোলবঞ্চিত হয়েছে রহমতগঞ্জের নবীন গোলরক্ষক ওমর ফারুক গোললাইন থেকে বল আটকে দেওয়ায়। তবে ফরাশগঞ্জ জিতেও যেতে পারত প্যাট্রিকের শট পোস্টে না লাগলে।

বক্সের ওপর থেকে মোহাম্মদ শামীমের দারুণ এক শটে এগিয়ে গিয়েছিল নানা সংকটে জেরবার ফরাশগঞ্জ। অবশ্য নিজেদের দুর্বল গোলকিপিং আর রক্ষণের ভুলে একটা গোল তারা খেয়েছে। ইলিয়াস ১-১ করেন। এই ড্রয়ে ফরাশগঞ্জ একটি মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরেছে। আবাহনীকে হারিয়ে চমক দেখানো দলটির কাছে এটাও অনেক। অবনমনের শঙ্কায় থাকা ফরাশগঞ্জের সাত ম্যাচে হলো ৪ পয়েন্ট। রহমতগঞ্জের ৯।