ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনার আঁচ। হোক না সেটা ক্রিকেটকে কেন্দ্র করে। ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ফুটবলেও ফিরে ফিরে আসে। তাই দুই দেশের দুই শীর্ষ ক্লাবের কালকের লড়াইটা ভিন্ন স্বাদ দেবে বলেই অনেকের আশা ছিল। কিন্তু কার্যত লড়াইয়ে আগুনটা জ্বলেনি, দুই দলের শক্তির পার্থক্যই বাধা হয়ে দাঁড়িয়েছে মাঝখানে। ম্যাচটা মোটের ওপর হলো একপেশে।
শক্তিশালী ইস্টবেঙ্গল ম্যাচটি সহজেই জিতেছে, ৩-১ গোলে। তুলনামূলক দুর্বল করাচি ইলেকট্রিক দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেলে একটা গোল শোধ করলেও হারের গ্লানিই তাদের সঙ্গী। টানা দুই হারে শেখ কামাল টুর্নামেন্ট থেকেই কার্যত বিদায় নিল দলটি। আর দুই জয় নিয়ে ইস্টবেঙ্গলের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত।
একঝাঁক নবীন নিয়েও গোছানো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনার পর কাল তারা করাচির দলটিকে চেপে ধরেছিল শুরু থেকেই। ১৫ মিনিটে অবিনাশের ভাসানো বল আলতো করে মাথা ছুঁইয়ে জালে পাঠালেন এসিয়েন ওরক। মিনিট দশেক পরই রন্টি মার্টিনস থ্রু দিলেন বক্সে। সেই বল কোনাকুনি শটে জালে পাঠাতে ভুল করেননি প্রথম ম্যাচেও গোল পাওয়া রফিক।
বিরতির মিনিট পাঁচেকের মধ্যেই এসিয়েনের বক্সে ফেলা নিচু ক্রসে পা লাগিয়ে রন্টি মার্টিনস করলেন ৩-০। ‘পাক-ভারত’ দ্বৈরথ ওখানেই শেষ। ব্যবধান কমাতে মরিয়া করাচি ইলেকট্রিক একবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত অবশ্য ৮৪ মিনিটে সম্মিলিত একটা আক্রমণ থেকে আলতো টোকায় ব্যবধান কমিয়ে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার রসুল।
দুটি ম্যাচের হার থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন করাচি ইলেকট্রিকের কোচ মাজিদ শফিক। তবে কালকের ম্যাচটিকে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতো ‘যুদ্ধ’ হিসেবে দেখছেন না, ‘হ্যাঁ, দুই দেশের ক্রিকেট মানে তীব্র উত্তেজনা। কিন্তু আমি এই ম্যাচটাকে আর দশটা ম্যাচের মতোই দেখেছি।’
সম্প্রতি শিবসেনার হুমকি, রাজনৈতিক উত্তাপ...এসবের প্রভাব খেলার মাঠেও না পড়ে পারেই না। তবে ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য প্রতিপক্ষ কোচের মতো ব্যাপারটা পাশ কাটিয়ে গেলেন, ‘ভারত-পাকিস্তান ওসব উত্তাপ আসলে মিডিয়ার তৈরি। রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে এটি নিছকই একটা আন্তর্জাতিক ম্যাচ।’