সহজেই জিতল বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লো আনচেলত্তি এখন শান্তি নিয়ে বড়দিনটা উদ্যাপন করতে পারবেন। সামনে বড়দিনের ছুটি, তার আগে শেষ ম্যাচে পথের কাঁটা হয়ে ওঠা আর বি লাইপজিগকে যে পরশু ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। লিগের শীর্ষস্থানও নিয়েছে পুরোপুরি নিজেদের দখলে।
এবারই নিজেদের ইতিহাসে প্রথম বুন্দেসলিগায় ওঠা লাইপজিগ মৌসুমের প্রথম ১৩ ম্যাচে ছিল অপরাজিত, যা বুন্দেসলিগায় প্রথমবার ওঠা কোনো ক্লাবের রেকর্ড। ম্যাচের আগে বায়ার্নের সমান ৩৬ পয়েন্ট ছিল তাদেরও। কিন্তু ম্যাচটা সহজেই জিতল বায়ার্ন, প্রথমার্ধেই করে ফেলে গোল তিনটি।
১৭ মিনিটে থিয়াগো আলকান্তারাকে দিয়ে শুরু, আট মিনিট পর ব্যবধান বাড়ান জাবি আলোনসো। ৩০ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট বায়ার্নের, ৩ পয়েন্ট পিছিয়ে লাইপজিগ দুইয়ে। বিবিসি।