সহস্রে অনন্য বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাতে আর কী পেতে পারত বায়ার্ন মিউনিখ! কোলনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে যে ছিল অনেকগুলো প্রাপ্তি। চলতি মৌসুমে এটি বাভারিয়ানদের টানা দশম জয়। এটি বুন্দেসলিগায় বায়ার্নের ১০০০তম জয়। বুন্দেসলিগার ৫২ বছরের ইতিহাসে কোনো ক্লাবের এমন কীর্তি এই প্রথম।
১৯৬৫ সালে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, সেপ মেয়ারদের দেখানো পথেই পরশু মাইলফলক পেরোল মুলার-লেভানডফস্কি-রোবেনদের হাত ধরে। ম্যাচ শেষে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন খেলোয়াড়দের হাতে হাত ধরে উদ্যাপনটা হয়তো হয়ে থাকল সেটিরই প্রতিচ্ছবি।
ম্যাচটি রোবেনের জন্য ছিল একটু বেশি আবেগের। প্রায় দুই মাস বিরতির পর এদিনই মাঠে ফিরেছেন। অমন রেকর্ডই তাঁর প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট। সেটির মাহাত্ম্য বাড়ালেন রোবেন নিজেই। দলের প্রথম গোলটি করেছেন ডাচ উইঙ্গার। গোল করেছেন মুলার, ভিদালও। ঠিকই ধরেছেন, বাকি গোলটি রবার্ট লেভানডফস্কির। লিগে এ পর্যন্ত দশ ম্যাচে ১৩ গোল হলো পোলিশ স্ট্রাইকারের।
সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে হারতে হয়েছে ২-০ গোলে। এই ম্যাচে বায়ার্নের জয়ে ফেরাটা তাই গুরুত্বপূর্ণ ছিল। যদিও ফুটবলীয় অনিশ্চয়তাটুকু বাদ দিলে বায়ার্নের জয় নিয়ে সংশয় ছিল সামান্যই। মুলাররা জিতলেনও সেই চেনা ঢঙে। পুরো ম্যাচে কোলনের পোস্টে মোট ২৪টি শট নিয়েছেন লেভানডফস্কি-রোবেন-কস্তারা।
অবশ্য এমন দিনে জয়ের ধরন নিয়ে কে অত ভাবে! বায়ার্ন কোচ পেপ গার্দিওলা ম্যাচ শেষে উচ্ছ্বসিত ছিলেন এমন রেকর্ডের অংশ হতে পেরেই, ‘১০০০ জয় অসাধারণ। এটা সব কোচ, সমর্থক, খেলোয়াড় ও কর্মীর জন্য, যাঁরা এই জয়টাকে সম্ভব করেছেন। আমি বায়ার্নের কোচ হতে পেরে গর্বিত।’
ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানানোর সুযোগটাও খুব সুন্দরভাবে নিল বায়ার্ন। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৭৫ হাজার সমর্থকের জন্য বিনা মূল্যে পানীয়র ব্যবস্থা করল জার্মান পরাশক্তিরা। আর গত ৫০ বছরের এই হাজার জয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জোড়া দিয়ে তৈরি করেছে একটি কোলাজ। যাতে স্থান পেয়েছে ক্লাবের প্রথম জয়, সবচেয়ে বড় জয়, শততম জয়, আগের অলিম্পিক স্টেডিয়ামে সর্বশেষ জয়, আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম জয়।
শুধু রেকর্ডই নয়, উদ্যাপনেও নতুন একটা দৃষ্টান্ত গড়ল বায়ার্ন। এএফপি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি জয়

লিভারপুল ইংল্যান্ড১৮০৩
রিয়াল মাদ্রিদ স্পেন১৫৯০
জুভেন্টাস ইতালি১৪০৮
বায়ার্ন মিউনিখ জার্মানি১০০০
মার্শেই ফ্রান্স৯৯২