সাংবাদিককে এবার ম্যারাডোনার চড়!

সাংবাদিকদের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার সম্পর্কটা বড্ড ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ‘সাপে-নেউলে’ অভিধা দিয়েই কেবল এই সম্পর্কের বর্ণনা দেওয়া চলে। সংবাদকর্মীরা যেন ফুটবল কিংবদন্তির কাছে রীতিমতো চক্ষুশূল। অতীতে সাংবাদিকদের দিকে এয়ারগান তাক করতেও পিছপা হননি তিনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আরও একদফা চোটপাত হয়ে গেল আর্জেন্টাইন তারকার। জনসম্মুখে এক সাংবাদিকের গালে ঠাস করে চড়ই বসিয়ে দিলেন ছিয়াশির নায়ক!
শনিবার এক থিয়েটার থেকে বান্ধবী ভেরোনিকা ওজেদা ও সন্তান ডিয়োগো ফার্নান্দোকে নিয়ে ফিরছিলেন ম্যারাডোনা। এ সময় সাংবাদিকেরা ঘিরে ধরেন তাঁকে। গাড়ির ভেতর বসেই শান্তভাবেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হঠাত্ই তাঁর রুদ্র রূপ! গাড়ি থেকে নেমে উপস্থিত এক সাংবাদিককে কষে মারলেন চড়!
কিন্তু কেন? কেন অমন করে খেপে উঠলেন ম্যারাডোনা? জানা গেছে, ওই সাংবাদিক নাকি গাড়িতে বসা ওজেদাকে উদ্দেশ করে আপত্তিকর ইশারা করেছিলেন। এতে স্বাভাবিকভাবেই চটে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। গাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞাসা করেন, ‘আমি তোমার ব্যক্তিগত বিষয়ে নোংরামি করিনি, তুমি কেন আমার স্ত্রীকে নিয়ে নোংরামি করলে?’
ওজেদা ও তাঁর সন্তানকে নিয়ে এর আগেও সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে ম্যারাডোনার। গত বছর মে মাসে আরেক বান্ধবী (এখন সাবেক) ওলিভাকে সঙ্গে নিয়ে দুবাই থেকে বুয়েনস এইরেসে ফিরছিলেন ম্যারাডোনা। বিমানবন্দর থেকেই ম্যারাডোনার পিছু নেন আলোকচিত্রীরা। কিছু দূর যাওয়ার পর অতিষ্ঠ হয়ে ম্যারাডোনা কী করেছিলেন জানেন? গাড়ি থেকে নেমে সোজা পাথর ছুড়ে মেরেছিলেন সাংবাদিকদের! ওলে ও মেট্রো।
সাংবাদিককে চড় মারার ভিডিও