সাংবাদিককে লাঞ্ছিত করে অবসর ঘোষণা তুরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক জাতীয় দলের নেতৃত্বভার এখন তাঁর কাঁধে। বাক্যটি অতীতকালে লিখলেই ঠিক হতো। আরদা তুরান যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। তুরস্কের এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, অকথ্য গালিগালাজ করেছেন। এ অপরাধে শাস্তি হিসেবে তাঁকে অনুশীলন ক্যাম্প থেকে বের করে দিয়েছিলেন কোচ ফাতিহ তেরিম। এর কয়েক ঘণ্টা পর বার্সেলোনার এই তারকা অবসরের ঘোষণা দিলেন।

রোববার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কসোভোর মুখোমুখি হবে তুরস্ক। এর আগে ফুটবলারদের নিয়ে স্লোভেনিয়ায় ক্যাম্প করছেন তেরিম। সেখানেই অবসর ঘোষণা দিয়ে ৩০ বছর বয়সী তুরান বলেছেন, ‘আমি মনে করি, সময় হয়েছে...জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ারের শেষ ঘোষণা করছি।’
এর আগে খবর আসে, তুরস্কের প্রবীণ সাংবাদিক বিলাল মেসের সঙ্গে বিমানে দুর্ব্যবহার করেছেন তুরান। তাঁর ক্ষোভের মূলে আছে গত বছর ইউরো চলার সময় মেসের লেখা একটি প্রতিবেদন। যেখানে লেখা হয়, খেলোয়াড়দের বোনাস নিয়ে কোচ তেরিমের সঙ্গে তুরানের ঝগড়া চলছে।
এত দিন পর সেই প্রতিবেদনের সূত্র ধরে তুরানের সঙ্গে বাদানুবাদ হয় মেসের। একপর্যায়ে তুরান মেসের টুঁটি চেপে ধরেন। বলতে থাকেন, ‘এটা কেমন দেয়, আপনারে এই প্লেনে ওঠার অনুমতি কে দিল। যে আপনাকে এই প্লেনে ওঠার অনুমতি দিয়েছে তাদের ****।’
১৯৭৩ সাল থেকে ক্রীড়া সাংবাদিকতা করছেন মেসে। দেশটির সাংবাদিক মহলে প্রবীণ এই সহকর্মীকে শ্রদ্ধার চোখে দেখা হয়। তুরস্কের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ঘটনাটি কোনো তরুণ খেলোয়াড় নয়, ৯৬ ম্যাচ খেলা খোদ অধিনায়ক ঘটিয়েছেন। ফলে এটিকে তারা হালকাভাবে নিতে রাজি নয় বলে সেই বিবৃতিতে জানানো হয়েছে।
মেসে নিজে তুরানকে আদালতে নেওয়ার হুমকিও দিয়েছেন। ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি। আজ তুরানকে অনুশীলন থেকে বের করে দেন কোচ। এরপর অবসর ঘোষণা দিয়ে তুরান বলেন, ‌‘এ ঘটনায় আমি কি অনুশোচনার ভুগছি? একদমই না। আমার কোনো অনুশোচনা নেই। আমি শান্তই আছি। আমি আমার দেশকে, পতাকাকে ভালোবাসি। সব সময়ই বলে এসেছি, আমার অবসরই যদি আপনাদের চাওয়া হয়, আমি তা করতে রাজি আছি।’ সূত্র : এএফপি।