সাংবাদিকদের সঙ্গে রোনালদোর আড়ি

দুঃসময় পিছু ছাড়ছে না রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। কাল জোড়া গোল করেও মুখ বেজার করে মাঠ ছেড়েছেন। সময়টা ভালো যাচ্ছে না তাঁর দল রিয়াল মাদ্রিদেরও। সব মিলিয়েই কেমন যেন বিক্ষিপ্ত রোনালদোর মেজাজ। মাঠেও নিজের বিরক্তি লুকাতে পারছেন না সিআর সেভেন। শালকের কাছে ৪-৩ ব্যবধানে হারের পর কাল তো ঘোষণাই দিয়ে দিলেন যে মৌসুমের বাকি সময়টায় আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না।
লা লিগায় পর পর দুটো ম্যাচে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারাতে হয়েছে। কোপা ডেল রে থেকে বিদায়। আরেকটু হলে সর্বনাশ হতে বসেছিল চ্যাম্পিয়নস লিগেও। ভাগ্য ভালো, কাল জার্মান ক্লাব শালকের কাছে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে শেষ আটে আনচেলত্তির শিষ্যরা। কালকের পুরো ম্যাচটাতেই বেশ তিরিক্ষি লাগছিল রোনালদোর মেজাজ। ঘটনা এখানেই থেমে থাকেনি। সাধারণত খেলার শেষে দর্শক-সমর্থকদের অভিবাদনের জবাব দিতে মাঝমাঠে জড়ো হন খেলোয়াড়েরা। কিন্তু কাল শেষ বাঁশি বাজার পর রোনালদো সোজা হাঁটা দেন টনেলের দিকে। পরে অধিনায়ক ইকার ক্যাসিয়াস ডেকে আনেন।
বেশ কিছুক্ষণ পরে ড্রেসিংরুমে ফেরার মুখে মিক্সড জোনে সাংবাদিকেরা অপেক্ষা করছিলেন তাঁর জন্য। রোনালদোর জোড়া গোলই তো বাঁচিয়েছে রিয়ালকে। কিন্তু তাঁকে নিয়ে সাংবাদিকদের যতই আগ্রহ থাকুক, রোনালদো পুরোপুরি উপেক্ষা করে গেলেন। সেখানে উপস্থিত একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন, ‘আমি কথা বলতে চাই না। এ মৌসুম শেষ হওয়ার আগে আমি সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলব না।’
সংবাদমাধ্যমের ওপর তাঁর অভিমান বা রাগের কারণ ঠিক পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে মিডিয়ায় হইচই কম হয়নি। ইরিনা শায়াকের সঙ্গে বিচ্ছেদের পর সেটা নিয়েও তুমুল আলোচনা হয়। সর্বশেষ বিতর্কের ঝড় ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লজ্জাজনক ৪-০ পরাজয়ের রাতে তাঁর ‘উন্মত্ত’ জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে। প্রশ্ন তোলা হয় রিয়ালের প্রতি তাঁর আনুগত্য নিয়ে।
সর্বশেষ অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যাওয়ার পর একটি জরিপের ফল নিয়েও বেশ শোরগোল হয়। যে জরিপে ‘বিবিসি’ত্রয়ীকে একসঙ্গে না খেলিয়ে যেকোনো দুজনকে খেলানো নিয়ে ভোটাভুটি হয়েছে। বেনজেমা-বেল-রোনালদো, এই তিনজনের মধ্যে কাকে বসানো উচিত? ৩২ শতাংশেরও বেশি রোনালদোকে আর একাদশে দেখতে চান না!
এসবই রোনালদোকে চটিয়ে থাকতে পারে। তিনি হয়তো ঠিক করেছেন, যা বলার মাঠের পারফরম্যান্সেই বলবেন। সূত্র: গোলডটকম।