দুবার পিছিয়ে পড়েও তিন গোল করে রোমাঞ্চকর এক জয় ঘরে তুলেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের পর তাই সাইফ টেন্টে বইল আনন্দ-বন্যা। অন্যদিকে মোহামেডান ডুবেছে হতাশায়।
আনন্দ-বেদনার এই ম্যাচের প্রথমার্ধ ছিল দারুণ উত্তেজনাময়। ‘গরুর হাটে’ রূপ নেওয়া কাদা মাঠেও দুই দল দ্রুতলয়ের ফুটবল খেলার চেষ্টা করেছে। গোলও হয়েছে এই অর্ধে পাঁচটি। মোহামেডান এগিয়ে যায় তো সাইফ ম্যাচে ফেরে। ৪ মিনিটে কিংসলের ক্রসে আলতো টোকায় মোহামেডানকে প্রথমে এগিয়ে নেন তকলিচ। ২২ মিনিটে জুয়েল রানার হেডে ম্যাচে ফেরে সাইফ।
এরপর মোহামেডান অধিনায়ক ফয়সাল মাহমুদের ক্রস ধরতে গিয়ে সাইফ গোলরক্ষক জিকো শিশুতোষ ভুল করেন। বল তাঁর হাতে লেগে জালে ঢোকে। গোলটা ফয়সালেরই। তবে মোহামেডানের এগিয়ে যাওয়ার আনন্দটা কেড়ে নিলেন কলম্বিয়ান স্ট্রাইকার লরদাবা। কর্নার থেকে তাঁর নিখুঁত হেডে ২-২। বিরতির ঠিক আগে আরেক কলম্বিয়ান ভ্যালেন্সিয়া করে দেন ৩-২। তবে তখনো ভাবা যায়নি এটিই হয়ে যাবে সাইফের জয়সূচক গোল। পঞ্চম ম্যাচে চতুর্থ হার, মোহামেডানের জন্য আরেকটি অশনিসংকেত।
নতুন কোচ, নতুন ব্রাদার্স
নিকোলা ভিতোরোভিচকে একটা ধন্যবাদ দিতেই পারে ব্রাদার্স। তাঁর হাত ধরেই যে মৌসুমে গতকাল প্রথম জয় ঘরে তুলেছে গোপীবাগের দলটি। ফেডারেশন কাপে দুই ড্র, এক হার। লিগের প্রথম চার ম্যাচে দুই ড্র। এই ফাঁকে দুজন বিদেশি কোচ এসে বিদায় নিয়েছেন। তৃতীয় বিদেশি কোচ হিসেবে আসা সাইপ্রাসের মাত্র ২৭ বছর বয়সী নিকোলা দুই দিন আগে ঢাকায় এসে দলটাকে ভালোভাবে চেনারও সুযোগ পাননি। তার ওপর প্রিমিয়ার লিগের কোনো দলের ডাগআউটে গতকালই প্রথম দাঁড়িয়েছেন ২৭ বছর বয়সী এই তরুণ কোচ। তাতেই জয় তুলে স্মরণীয় করে রাখলেন শুরুটা। বললেন, ‘আমি খুবই খুশি এই জয়ে।’
ব্রাদার্স এত দিন লম্বা বলেই বেশি খেলেছে। খেলাটা তৈরি করতে পারত না। তবে নিকোলা এসে দলটাকে পাসিং ফুটবলে মন দিতে বললেন। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদা মাঠ পাস খেলার উপযোগী ছিল না মোটেও। তবু ব্রাদার্সের ফুটবলাররা ছোট ছোট পাসে খেলাটা তৈরি করতে চেয়েছেন।
নিকোলা জোর দেন থ্রু পাসের ওপর। ব্রাদার্স বেশ কিছু থ্রু পাস বের করেছিল কাল। ৭১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটাও হয়েছে থ্রু থেকে। মাঝমাঠ থেকে মেজবাহর থ্রু ধরে হাইতিয়ান বদলি স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসন মুক্তিযোদ্ধার গোলরক্ষক উত্তম বড়ুয়ার পাশ দিয়ে গড়ানো শটে বল পাঠান জালে।
তবে এই গোলটা বাদ দিলে ম্যাচে মুক্তিযোদ্ধার প্রাধান্য ছিল অনেকটা সময়। তবু হারতে হলো ওয়ালসনের ওই একটা গোলের কাছেই। পঞ্চম ম্যাচে এসে তৃতীয় হার মুক্তিযোদ্ধার, এর আগে পেয়েছে দুটি জয়।
প্রিমিয়ার লিগে আজ কোনো খেলা নেই।