সাউথগেটই রুনিদের কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ সাউথগেট
গ্যারেথ সাউথগেট

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাঁর মেয়াদটা শেষ হয়ে গেছে গত ১৫ নভেম্বর। তবে গ্যারেথ সাউথগেটকে যেতে হচ্ছে না চাকরি ছেড়ে। তাঁকে স্থায়ী কোচ করেই রেখে দেওয়া হচ্ছে, এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। কাল সেই গুঞ্জনকে সত্যি করে দিয়ে এল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আনুষ্ঠানিক ঘোষণাও। চার বছরের জন্য সাউথগেটের সঙ্গে চুক্তি হয়েছে এফএর। এ সময় বছরে ২০ লাখ পাউন্ড হিসেবে পারিশ্রমিক পাবেন সাউথগেট।
১৯৯৫ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ৯ বছরের ক্যারিয়ারে ৫৭ ম্যাচ খেলেছেন সাউথগেট। ছিলেন ১৯৯৮ বিশ্বকাপের ইংল্যান্ড দলেও। ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও মিডলসবরোর হয়ে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ২০০৬ সালে মিডলসবরোর কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০০৯ সালে সেটা ছেড়ে চলে আসেন, যোগ দেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচের পদে। এ বছরের সেপ্টেম্বরে স্যাম অ্যালারডাইস ইংল্যান্ড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ওয়েইন রুনিদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চারটি ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয় সাউথগেটকে।
তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাল্টাকে ২-০ ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ইংল্যান্ড, গোলশূন্য ড্র করে স্লোভেনিয়ার সঙ্গে। এ ছাড়া একটি প্রীতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ২-২ ড্র করে সাউথগেটের দল। এ কদিনেই যিনি এমন সাফল্যের ছবি আঁকতে পারেন, তাঁকে নিয়ে এফএ বড় স্বপ্ন দেখতেই পারে। সাউথগেটও খুশি দীর্ঘমেয়াদি দায়িত্ব পেয়ে, ‘ছেলেদের সঙ্গে গত কিছুদিন কাজ করাটা আমি খুব উপভোগ করেছি। আমি ইংল্যান্ডের কোচ হতে পেরে গর্বিত। তবে এখন দায়িত্ব আরও বেড়ে গেল।’ এএফপি, রয়টার্স।