সাকিব, সেই দিনটা মনে আছে?

সাকিব আল হাসান। সামনে এখনো আরও অনেক পথছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আস্থাহীনতার দিন থেকে যায় অমলিন...দিনবদলের দিন আর কত দূর, দীর্ঘশ্বাসে পোড়া সকাল-দুপুর’—মাহমুদুজ্জামান বাবুর গানের লাইন। বাংলাদেশের ক্রিকেট ঘিরে ভক্তদের বুক চিরে একসময় এমন সব পোড়া দীর্ঘশ্বাস বের হতো।

তখন একটি জয় কিংবা কারও দুর্দান্ত পারফরম্যান্সের ছটা চোখে লেগে থাকত অনেক দিন, গালগল্প এমনকি বাগাড়ম্বরও হতো প্রচুর। কিন্তু দিন বদলায়। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়েও তাই দীর্ঘশ্বাস জাগে ব্যাটিং নিয়ে।

বাংলাদেশ ক্রিকেটের এই দিনবদলে উষার আভা মিলেছিল ২০০৭ বিশ্বকাপে। বদলের সেই রক্তিম সূর্যের মধ্যগগনের পথে যাত্রা দুই বছর পর। ২০০৯—বাংলাদেশ ক্রিকেটের জন্য আক্ষরিক অর্থেই দিনবদলের বছর।

বিদেশের মাটিতে প্রথম টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ মেলে। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা হয়। আর সে বছরই পরিপূর্ণ আবির্ভাব ঘটে এক ধ্রুবতারার, যাঁর প্রসববেদনা চলেছে আগের তিন বছর। সে সময় জাতীয় দলে মূলত ব্যাটসম্যান ছিলেন তিনি। কিন্তু বলো হতো, ‘ক্রিকেটের সব বিভাগেই খুব ভালো।’

কতটা ভালো, তা পরখ করতেই জেমি সিডন্স সম্ভবত বল তুলে দিয়েছিলেন তাঁর হাতে। আগুন উসকে দিলে যা হয়, বোলার সাকিব আল হাসানের ক্ষেত্রে ঠিক তা–ই ঘটল। ব্যাট-বলের প্রেমে নিজেকে পুড়িয়ে বুকে খোদাই করে নিলেন ‘অলরাউন্ডার’—এরপর বাকিটা ইতিহাস, বাকিটা পথ দিনবদলের গান।

আঙুলের ভেলকি ও কবজির জোরে সাকিব এখনো লিখে চলছেন সেই গানের পঙ্‌ক্তিমালা। এর মধ্যে ক্রিকেট বিশ্বে তাঁর আলাদা জায়গাও হয়েছে। মাঠে নামলে তুলনা চলে ইয়ান বোথাম-ইমরান খান-কপিল দেবদের সঙ্গে। ক্রিকেটের এসব নক্ষত্রপুঞ্জের পাশে সাকিবের নিজের জায়গাটা ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে নেওয়ার প্রথম ধাপের বছরও ২০০৯।

সে বছর জানুয়ারিতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ঢাকায় গড়ায় ত্রিদেশীয় সিরিজ। মুত্তিয়া মুরালিধরন ফাইনালে বাংলাদেশের হৃদয় ভাঙলেও হৃদয় জিতে নিয়েছিলেন সাকিব। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট নেওয়ায় বাংলাদেশের দ্বিতীয় সেরা। তাতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের একটি জায়গায় চূড়ার সন্ধান পেয়ে যান সাকিব।

ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে আগের সপ্তাহেও শীর্ষস্থানে ছিলেন জ্যাকব ওরাম (৩৬৮ রেটিং পয়েন্ট)। কিন্তু ত্রিদেশীয় সিরিজের উত্তুঙ্গ পারফরম্যান্সে মোট ৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে পরের সপ্তাহে (জানুয়ারির চতুর্থ সপ্তাহ) র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। সেটাই ছিল প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইসিসি র‌্যাঙ্কিংয়ে চূড়াজয়।

প্রথম কিন্তু শেষ নয়। সাকিবের জন্য তখন শেষ বলে কিছু ছিল না। সবে ২১ পাড়ি দেওয়া তরতাজা যুবক। প্রাণপ্রাচুর্যে ভরপুর। কিন্তু ক্রিকেটের মাথাটা বরাবরই বরফশীতল। সাকিব তখনই বুঝতে পেরেছিলেন, চূড়াজয়ের চেয়ে চূড়ায় টিকে থাকা বেশি কঠিন, ‘আমি জানি শীর্ষস্থান ধরে রাখাটা বেশি কঠিন। এর জন্য অনেক ত্যাগ, ধারাবাহিকতা ও কঠোর পরিশ্রম লাগবে।’

এটুকু না হয় বিনয় হিসেবে ধরে নেওয়া যায়, কিন্তু উচ্চাভিলাষ না থাকলে যে বড় হওয়া যায় না, দেশের ক্রিকেটের দিনবদল করা যায় না—এ কথাটাও সেই বাঁধনহারা বয়সে রন্ধ্রে রন্ধ্রে টের পেয়েছিলেন সাকিব।

ওয়ানডেতে শীর্ষস্থান দখলের পর নিজের প্রথম প্রতিক্রিয়াতেই জানিয়েছিলেন পরবর্তী লক্ষ্য, ‘টেস্টে যদি (শীর্ষে) আসতে হয় আমাকে আরও ভালো করতে হবে। ধারাবাহিক হতে হবে। আমি এখন যেভাবে খেলছি, তা ধরে রাখতে পারলেন ইনশা আল্লাহ একদিন সেখানেও সফল হতে পারব।’

২০১৫ সালে উঠলেন তিন ফরম্যাটেরই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।
ফাইল ছবি

ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার হওয়ার সময় ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে দশম (অলরাউন্ডার র‌্যাঙ্কিং) ছিলেন সাকিব। তাতে অবশ্য আরও একটি প্রথমের দেখা মিলেছিল—বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দশে উঠে আসা।

সেখান থেকে শীর্ষে উঠতে সময় লাগল মাত্র দুই বছর—২২ ডিসেম্বর ২০১১। ঠিক তার আগের দিন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হেরেছিল বাংলাদেশ। কিন্তু ওই টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ও ইনিংসে ন্যূনতম ৫ উইকেট তাঁকে প্রথম বাংলাদেশি হিসেবে এনে দিয়েছিল টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান।

পরের চার বছরে বেশির ভাগ সময় ‘মাইডাস টাচ’ ধরা দিয়েছে সাকিবের হাতে। তাতে ক্রিকেটের ইতিহাসও লিখতে হয়েছে নতুন করে। ১২ জানুয়ারি, ২০১৫—এই দিনে ক্রিকেট ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে আইসিসির তিন সংস্করণের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হন সাকিব। এ গ্রিক পুরাণের রাজা মাইডাসের সোনালি স্পর্শ নয় তো আর কী!

কাল নতুন করেই যেন নিজেকে ফিরে পেলেন সাকিব।
ছবি: প্রথম আলো

কালে কালে পৃথিবী বদলায়, মানুষ পাল্টায়, ভুলত্রুটি থেকে শেখে। সাকিবও পাল্টেছেন এ সময়ে। পারফরম্যান্সের উত্থান-পতন ঘটেছে, জুয়াড়ির প্রস্তাব গোপন করে জুটেছিল নিষেধাজ্ঞাও। কিন্তু ওই ‘মাইডাস টাচ’ ফুরোয়নি।

যেমন ধরুন, এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেও তেমন ক্ষতি হয়নি সাকিবের। অন্তত মাঠের পারফরম্যান্সের গ্রাফে এবং র‌্যাঙ্কিংয়ে। ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হওয়ার সময় ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর গত নভেম্বরে আইসিসি প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন অক্ষত ছিল তাঁর। লম্বা এ সময়ে করোনাভাইরাসের কারণে কোনো দেশই সেভাবে মাঠে নামতে পারেনি। বিষয়টি ঘটনাক্রমে পক্ষে চলে যায় সাকিবের।

কিন্তু ভাগ্যকে নিজের পক্ষে নিতে মেধা ও শ্রমের সঙ্গে নিবেদনও লাগে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব কিন্তু মাঠে ফিরতে আলাদা প্রস্তুতি নিয়েছিলেন। ঘরোয়া টুর্নামেন্টে সেভাবে ভালো করতে পারেননি। কিন্তু জায়গামতো জ্বলে উঠেছেন ঠিকই।

নিষেধাজ্ঞা কাটিয়ে কালই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার ম্যাচ। সেখানে তাঁর বোলিং ফিগার ৭.২-২-৮-৪। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড—না, অন্য কারও রেকর্ড ভাঙেননি তিনি। নিজেরটা নিজেই ভেঙেছেন।

এই হলো সাকিবের নিজেকে ভাঙাগড়ার জীবন—যেখান থেকে দিনবদলের মূল রাস্তার দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট।

সেই ‘রাস্তা’য় আছে কাকতালও। মাস নয়, বছরও নয় শুধু দিনপঞ্জির তারিখ বিবেচনায় নিলে তা বোঝা যায়। টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষে উঠেছিলেন ২২ (ডিসেম্বর) তারিখে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের চূড়া দখল করেছিলেন ঠিক তার এক দিন আগে! ভুল বুঝবেন না, দীর্ঘ এক যুগ আগে এই দিনে—২১ জানুয়ারি!