বিদায়ী এই বছরের শুরুতেই সিলেট ও ঢাকায় হয়েছিল বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। সেটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রতিবছর জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল বাফুফে। সেই লক্ষ্যে আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু কাপ মাঠে নামানোর কাজ অনেকটা গুছিয়ে ফেলেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
গতবারের মতো এবারও বাংলাদেশ ও পাঁচটি বিদেশি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। ঢাকাই মূল ভেন্যু। ঢাকার বাইরে একমাত্র ভেন্যুটি হতে পারে সিলেট, চট্টগ্রাম বা রাজশাহী।
গতবার অংশ নেওয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাহরাইন, শ্রীলঙ্কা ও চ্যাম্পিয়ন মালয়েশিয়ার সঙ্গে এবার আমন্ত্রণ জানানো হয়েছে মিয়ানমার ও আফগানিস্তানকে। সবার আগে লিখিতভাবে সম্মতি জানিয়েছে শ্রীলঙ্কা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়ার সঙ্গে কথা বলে তাদের আগ্রহটা জানতে পেরেছে বাফুফে। বাহরাইন এখনো কিছু জানায়নি।
গতবার শ্রীলঙ্কা ছাড়া অন্যরা অনূর্ধ্ব-২৩ বা অনূর্ধ্ব-২১ দল পাঠানোয় টুর্নামেন্টটাকে অনেকে ‘কচিকাঁচার আসর’ বলেছিলেন। এবার আর সেটি বলার সুযোগ দিতে চায় না বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা এবার সব দেশের জাতীয় দল নিয়েই টুর্নামেন্ট করতে চাই।’