সাত নতুনের জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা-নিরীক্ষা? নাকি ২০১৮ বিশ্বকাপের জন্য দল গড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন জোয়াকিম লো? আগামী ১৭ জুন থেকে রাশিয়ায় শুরু হতে যাওয়া কনফেডারেশনস কাপে জার্মানির দল দেখে সেটিই মনে হতে পারে। গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানি কোচ, যাতে এখনো অভিষেক হয়নি এমন ফুটবলারই আছেন সাতজন। আর সবচেয়ে বয়স্ক ফুটবলারের বয়স মাত্র ২৯!
গোটশে-নয়্যার-ভাইগেলরা পড়েছেন চোটে। দলে বদল তাই আনতেই হতো। তার ওপর চোটের কারণে বিশ্বকাপ-ইউরো দুটিই খেলতে না-পারা উইঙ্গার মার্কো রয়েস নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছেন। লো নিজেও বিশ্রাম দিয়েছেন ক্রুস-মুলার-ওজিল-হামেলসদের। তাতেই দরজা খুলে গেল নবীনদের জন্য। লো-র চোখে যেটি ‘ভবিষ্যতের দল’। ২০১৪ বিশ্বকাপের দলে ছিলেন, এমন ফুটবলার আছেন মাত্র তিনজন—ইউলিয়ান ড্র্যাক্সলার, ম্যাথিয়াস গিন্টার ও শকোদ্রান মুস্তাফি। এই দলে অভিষেকের অপেক্ষায় থাকা সাতজন হলেন আয়াক্সের উইঙ্গার আমিন ইউনেস (২৩ বছর), হফেনহেইমের স্ট্রাইকার সান্দ্রো ভাগনার ও মিডফিল্ডার কেরেম দেমিরবে (দুজনই ২৩), লাইপজিগের মিডফিল্ডার ডিয়েগো ডেম (২৫), বরুসিয়া মনেশনগ্লাডবাখের লারস স্টিন্ডল (২৮), পিএসজি গোলকিপার কেভিন ট্র্যাপ (২৬) ও হার্থা বার্লিনের ডিফেন্ডার মারভিন প্লাটেনহার্ট (২৫)। এএফপি।