সাফ ফুটবলের ব্যর্থতার তদন্তে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বেশ আগে। কিন্তু সেটা নিয়ে এত দিন নীরবই ছিল বাফুফে। অবশেষে কাল তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাত ফুটবলারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জাতীয় দল কমিটি।
শোকজ করা হয়েছে অধিনায়ক মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা, ইয়ামিন মুন্না, আতিকুর রহমান মিশু, ইয়াসিন খান ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে। ২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য আগামীকাল ঘোষিত হতে যাওয়া প্রাথমিক দলে এই সাত ফুটবলার থাকছেন না। এঁদের সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। বাফুফের সহসভাপতি বাদল রায়, তাবিথ আউয়াল ও সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে নিয়ে গঠিত কমিটির সামনে সশরীরে এসে আত্মপক্ষ সমর্থন করতে হবে ফুটবলারদের। তাঁদের বক্তব্যে সন্তুষ্ট হলেই শুধু জাতীয় দলের দরজা খুলতে পারে মামুনুলদের।
বাফুফে থেকে সদ্য পদত্যাগী কর্মকর্তা শেখ মোহাম্মদ আসলাম বিভিন্ন সময় গণমাধ্যমে যা বলেছেন, তাতে দেখা যায় আরও বেশ কয়েকজন ফুটবলারই দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুষ্ট। কিন্তু কাল শুধু সাতজনের বিরুদ্ধেই অভিযোগ এনেছে জাতীয় দল কমিটি। জাতীয় দলের ডিফেন্ডার রায়হান হাসানের নাম এ তালিকায় না থাকায় প্রশ্ন তুলেছেন অনেকে। ফুটবলপাড়ায় গুঞ্জন সাফে বাংলাদেশ দলের দলনেতার পরিবারের সঙ্গে সুসম্পর্কের কারণেই রায়হানের নামটি বাদ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ শুধু বলেছেন, ‘আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির প্রতিবেদনে ওর নাম পাইনি। যদি পরে কিছু পাওয়া যায় তাহলে ওর বিষয়টি খতিয়ে দেখা হবে।’ কাজী নাবিল জানান, ‘দলীয় শৃঙ্খলা ভাঙাটাই এই ফুটবলারদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ। আর এটাই তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আমরা ধরে নিয়েছি।’
এ ফুটবলারদের ভাগ্যে কী আছে তা জানা যাবে সপ্তাহ খানেক পরের আরেকটি সভায়। জাতীয় দল কমিটির সদস্য বাদল রায় অবশ্য কঠিন শাস্তিরই আভাস দিলেন কাল, ‘আমাদের ফুটবলারদের পারফরম্যান্স এমন খারাপ না। যদি ওদের কাছ থেকে সঠিক জবাব না পাই বা নিজেদের ওরা নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে কঠিন শাস্তিই অপেক্ষা করছে। ফুটবল খেলে এ দেশে টাকা কামাবে কিন্তু দেশের হয়ে খেলবে না, আমরা তা মেনে নেব না।’