সাত রঙের ইউরো
>

কাল রাতেই পর্দা নেমেছে ইউরোর। কে হয়েছে ইউরোপ-সেরা? অবশেষে কি ক্রিস্টিয়ানো রোনালদো আজন্ম আরাধ্য সেই ট্রফির দেখা পেলেন, যে ট্রফির জন্য তিনি ছিলেন বোধিবৃক্ষতলে ধ্যানমগ্ন সন্ন্যাসী। নাকি ইউরোতে তৃতীয় শিরোপা জিতেছে ফ্রান্স?
এ প্রশ্নের উত্তর এতক্ষণে নিশ্চয়ই আপনার জানা হয়ে গেছে। শেষ হয়ে গেছে এক মাসের ফুটবল মহোৎসব। তবে ইউরো সমাপনীর বিষাদগীতির সুরে কোরাস না মিলিয়ে একটু অন্য রকম সাত তথ্যে চোখ রাখাই তো যায়!
পর্তুগাল ‘কুৎসিত’, সত্যিই?

পর্তুগালের ফাইনালে উঠে আসাই চমকে দিয়েছে অনেককে। খুবই মাঝারি মানের একটা দল নিয়ে এত দূর আসা, কে ভেবেছিল! এতে দল হিসেবে পর্তুগালের কৃতিত্ব যতটা, তাদের কোচের রণকৌশলেরও কিন্তু কম নয়। নিজের গোলা-বারুদ মজুত বুঝেই কামান দাগিয়েছেন ফার্নান্দো সান্তোস। পর্তুগাল বেশির ভাগ সময়ই খেলেছে রক্ষণাত্মক ফুটবল। এ কারণে পর্তুগালের খেলাকে বলা হচ্ছে ‘কুৎসিত’। এমনকি এ নিয়ে প্রতিবাদও করছে না পর্তুগালের কেউ। ‘কুৎসিত? তা-ই সই। আমাদের দরকার ট্রফি।’
তবে পর্তুগাল কিন্তু চাইলে প্রতিবাদ করতেই পারত। ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছে তারাই। টুর্নামেন্টে যে তিনটি দল গোলে কমপক্ষে ১০০টি শট নিয়েছে, তাদের একটি পর্তুগাল। ১১২টি শট নিয়েছে পর্তুগিজরা। এর মধ্যে ৪৪টি শট লক্ষ্যভ্রষ্ট, ৩৬টি শট লক্ষ্যে; আর ঠেকানো হয়েছে ৩২টি শট। পর্তুগাল বলতেই পারত, প্রতিপক্ষের গোলে সবচেয়ে বেশি ‘আক্রমণ’ করেও আক্রমণাত্মক ফুটবল না খেলার অপবাদ! না, পর্তুগাল তা বলেনি। এখানে যে আছে পরিসংখ্যানের শুভংকরের ফাঁকি।
পাসে ‘ফেল’!
এবারের ইউরো আবারও সেই প্রশ্ন তুলে দিয়েছে, তবে কি টিকি-টাকার মৃত্যু? তবে কি নিজের সোনালি প্রজন্মকে হারানোর সঙ্গে সঙ্গে স্পেন হারিয়ে ফেলল তাদের পাসিং ফুটবলের জাদুও! এবারের আসরে সবচেয়ে বেশি সফল পাস দিয়েছে স্পেন। ৯১ শতাংশ সফল পাস দিয়েও ফেল মেরে গেছে ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপা-ত্রয়ীর অবিস্মরণীয় সাফল্য উপহার দেওয়া স্পেন। অসহায় আত্মসমর্পণ করে বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ডে। মজার ব্যাপার হলো, এবারের ইউরোতে সবচেয়ে বেশি সফল পাস দেওয়া পাঁচ দলের তিনটিই বাদ পড়েছে আগেভাগে। স্পেন ছাড়া বাকি দুটি দল সুইজারল্যান্ড ও ইংল্যান্ড। পাস দিলেই কিন্তু ‘পাশ’-এর নিশ্চয়তা নেই!
হে ক্ষণিকের অতিথি
ইউরো পরিসংখ্যান বিচিত্রার এবার সেই সাতজনের গল্প শুনুন, যাঁরা বলতে পারবেন, ‘মাঠে আমিও কিন্তু ছিলাম।’ ওই সাতজন যে খেলেছেন এক মিনিট করে! প্রতিটি বড় টুর্নামেন্টে বড় একটা স্কোয়াড নিয়ে যায় দলগুলো। কিন্তু ২৩ জনের সবার মাঠে নামার সৌভাগ্য হয় না। এবারও অনেকে আছেন মাঠে এক মিনিটও না খেলে দেশে ফিরেছেন। কিন্তু একেবারেই না খেলা, আর মাত্র এক মিনিট খেলার মধ্যে পার্থক্য আছে। ইউরোর সেই সাত ক্ষণিকের অতিথির মধ্যে আছেন পর্তুগালের রাফা সিলভা। কাল কি মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার? যদি না নেমে থাকেন আর যদি পর্তুগাল জিতে গিয়ে থাকে? রাফা হাসি মুখে বাড়ি গিয়ে বলবেন, ‘পর্তুগালের ইতিহাস গড়া ট্রফি জিততে আমার লেগেছিল মাত্র এক মিনিট!’
সেই জার্মানি, অন্য জার্মানি
যান্ত্রিক নয়, অন্য এক ফুটবলের মন্ত্র দিয়েই জার্মানি কয়েক বছর ধরেই মুগ্ধ করে চলেছে। এবারের ইউরোতেও থাকল জার্মানির সেই বদলে যাওয়ার কিছু ছাপ। টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাস ও বল পজেশন ছিল তাদের। টুর্নামেন্টে ৪ হাজার ২০টি পাস দিয়েছে তারা। যার মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে ৩ হাজার ৬৩৯টি পাস। সফল পাসের হার ৯০ শতাংশ। বলের দখল রাখার দিক দিয়ে এমনকি তারা স্পেনকেও (৬১ শতাংশ) পেরিয়ে গেছে ৬৩ শতাংশ বল দখলে রেখে। অবশ্য গত বিশ্বকাপে যে মুগ্ধতা-জাগানিয়া ফুটবল তারা উপহার দিয়েছিল, দুই বছরেই তা অনেকটাই ফিকে। জার্মানি দলে ‘অভিবাসী ফুটবলারের’ ‘আধিক্য’ নিয়ে ইউরোর আগে অহেতুক বিতর্ক শুরু হলেও অনেক মনে করেন, ভাগ্যান্বেষণে ভিনদেশ থেকে আসা এসব অভিবাসীর উত্তরসূরিদের সৌজন্যে বদলে গেছে জার্মানির ফুটবল।

লাইট, ক্যামেরা, অ্যাকশন
হ্যানেস হ্যাল্ডরসন নাম বদলে ‘হোল্ডারসন’ রেখে দিতে পারেন। এবার যে আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে ‘হোল্ড’ করে রেখেছিলেন। আইসল্যান্ডের রূপকথার অন্যতম নায়ক ছিলেন এই গোলরক্ষক। টুর্নামেন্টে সর্বোচ্চ ২৭টি সেভ করেছেন এবারের ইউরোর আগে বিশ্ব ফুটবলে অচেনা হ্যাল্ডরসন। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি সেভ করেছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া। এবারের দুদ্দাড় সেভের অ্যাকশন উপহার দেওয়া হ্যাল্ডরসন আদতে একজন চলচ্চিত্র পরিচালক! পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে আইসল্যান্ড ছেড়ে নরওয়েতে যাওয়ার আগে তাঁর চাকরিদাতা ‘সাগাফিল্মস’-এর সঙ্গে আপসরফা করেই গিয়েছিলেন, ফুটবল ছেড়ে দিলে যেন আবার চাকরিটা ফেরত পান! এবারের ইউরোতে সবচেয়ে বেশি ৯টি গোলও কিন্তু হজম করেছেন তিনি। একই সঙ্গে সবচেয়ে বেশি সেভ আর সবচেয়ে বেশি গোল হজমের এমন বৈপরীত্যের বৈচিত্র্য হয়তো কেবল চলচ্চিত্রেই সম্ভব!
ইউরোপের মেসি

কেন তাঁকে ‘ইউরোপের মেসি’ বলা হয়, এডেন হ্যাজার্ড এবার সেটি ভালোমতোই বুঝিয়ে দিলেন। গত বিশ্বকাপে হতাশ করা চেলসির এই বেলজিয়ান তারকার অ্যাটাকিং থার্ডে ৩৫টি সলো রান (একাই বল নিয়ে এগিয়ে যাওয়া), মাঠের গুরুত্বপূর্ণ অংশগুলোয় সলো রান ৩৪টি, পেনাল্টি বক্সে সলো রান ৮টি, অ্যাটাকিং থার্ডে বলের জোগান দিয়েছেন ৩২ বার, মাঠের গুরুত্বপূর্ণ অংশগুলোয় বলের জোগান দিয়েছেন ৪৭ বার আর পেনাল্টি এরিয়ায় বলের জোগান দিয়েছেন ১১ বার। গোল করেছেন একটিই, তবে করিয়েছেন ৪টি।
বাঁ পায়ের খেল!
বাঁ পায়ের ফুটবলাররা নাকি বেশি সৃষ্টিশীল হন। এ নিয়ে তর্কবিতর্ক হতে পারে। তবে এ নিয়ে কোনো তর্ক নেই, এবারের ইউরো ছিল ফুটবলারদের ‘বাঁ পায়ের খেল’। ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ ৩৬টি গোল হয়েছে বাঁ পায়ে। একা আঁতোয়ান গ্রিজমানই বাঁ পায়ে করেছেন ৪ গোল। ডান পায়ে গোল হয়েছে ৩০টি। গোল করতে খেলোয়াড়েরা ‘মাথাও খাটিয়েছেন’ বেশ। ২৩টি গোল হয়েছে হেড থেকে। গ্রিজমানের দুটি গোলও কিন্তু হেড থেকে!