সাতবারেও পারল না আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিদের এই হতাশা কাটবে কবে? ছবি: এএফপি।
মেসিদের এই হতাশা কাটবে কবে? ছবি: এএফপি।

রবার্ট ব্রুসের গল্পটা কী জানা আছে মেসিদের? থাকার কথা, স্কটিশ ইতিহাসের অংশ হলেও কিংবদন্তি ব্রুসের এই গল্প যে সব দেশের শিশুকেই শোনানো হয়। শেখানো হয়, পরাজয়ে লজ্জা নয়। হেরে গেলেও উঠে দাঁড়াতে হয়, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যেতে হয়। শেষ পর্যন্ত লড়তে হয় নিজের অধিকার আদায় করার জন্য।
এটাই আর্জেন্টিনার একমাত্র সম্বল এখন। এ ছাড়া আর কোনো ভাবেই সান্ত্বনা পাওয়ার কথা না মেসি-আগুয়েরো-হিগুয়েনদের। সেই কবে ১৯৯৩ সালে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এর পর আর কোনো বড় প্রতিযোগিতায় শিরোপা হাতে ফিরতে পারেনি তারা। এর মাঝে ৭টি ফাইনাল খেলেছে দলটি, প্রতিবারই খালি হাতে ফিরেছে দলটি।
২৩ বছর! দর্শক সমর্থন চিন্তা করলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি দল এত দিন ধরে ব্যর্থ—ভাবতেই তো অবাক লাগে! ২৩ বছর, এর মাঝে কত কিছুই না ঘটে গেছে পৃথিবীতে। মঙ্গল অভিযান হয়েছে, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, স্মার্ট ফোন নামক এক ‘জাদুর কুপি’ মানুষের হাতে চলে এসেছে। ফেসবুক, টুইটার এসেছে। মানুষ বাইরের জগৎ ভুলে মেতেছে ভার্চ্যুয়াল জগতে।
কিন্তু এই ২৩ বছরে একটি জিনিসেরই কোনো পরিবর্তন হলো না—আর্জেন্টিনার শিরোপা-খরা।
সামাজিক গণমাধ্যমের এমন বাড়বাড়ন্তের যুগেও কেউ একবারের জন্য লিখতে পারলেন না, ‘অভিনন্দন আর্জেন্টিনা, আজ বিজয়ী তোমরা।’ লিওনেল মেসির আবির্ভাবের পরও দুঃখ কাটল না দলটির। টানা ৩ বছর ৩টি ফাইনাল খেলেও খালি হাতেই ফিরল তারা। এত এত প্রজন্মের এত তারকাও পারল না আর্জেন্টিনার শিরোপা খরা কাটাতে।
টানা তিন বছরের তিন ফাইনালের স্মৃতি তো টাটকাই। ১৯৯৩ সালের পর আর্জেন্টিনা ২০০৪ ও ২০০৭ কোপার ফাইনালেও হেরেছে। দুবারই ব্রাজিলের কাছে। প্রথমবার ২-২ ড্র হওয়া ফাইনালটা হেরেছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে। ২০০৭ সালের ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে।
আর্জেন্টিনার বাকি দুটি ফাইনাল-হতাশার গল্প লেখা হয়েছে কনফেডারেশনস কাপে। ১৯৯৫ সালে ডেনমার্কের কাছে বিস্ময়করভাবে ফাইনালে ২-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২০০৫ সালের কনফেডারেশনস কাপের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।
আর্জেন্টিনার সাতটি ফাইনালের হতাশায় তিনটিতে ব্রাজিলের 'অবদান'। দুবার চিলি। একবার করে ডেনমার্ক ও জার্মানি। এর মধ্যে জার্মানি-দুঃখটাই সবচেয়ে বেশি। সেবার যে ছিল বিশ্বকাপ!
রবার্ট ব্রুসের গল্পের ধৈর্যশীল মাকড়সা সাতবার ব্যর্থ হয়ে অষ্টমবারের চেষ্টায় সফল হয়েছিল তার কাজে। আর্জেন্টিনাও ৭টি ফাইনাল হারল এই ২৩ বছরে। রবার্ট ব্রুসের ওই গল্প ছাড়া আর কোনো দাওয়াই তো দেখা যাচ্ছে না দক্ষিণ আমেরিকান এই দলটির জন্য!

ক্যাপ: মেসিদের এই হতাশা কাটবে কবে? ছবি: এএফপি।