সাতের 'খপ্পরে' লিওনেল মেসি!

যতই ‘লাকি সেভেন’ বলা হোক, সাত নিশ্চয়ই তাঁর প্রিয় সংখ্যা নয়। সেটা যে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘ব্র্যান্ড’। তবে ২০১৬ সালের এই বছরটায় লিওনেল মেসি সাতের চক্করে পড়েছেন, যেন ১+৬ = ৭ হয় বলেই হয়তো সালটিকে সাতের সপ্তম স্বর্গ পেয়ে বসেছে মেসির জন্য।
কালকের ম্যাচের প্রথম গোলটির কথাই ধরুন। বাঁ প্রান্ত থেকে মেসিকে ক্রস করলেন আরদা তুরান। মেসির ট্যাপ ইন। গোল! ম্যাচের তখন সাত মিনিট, সাত সেকেন্ড। তুরানের জার্সি নম্বর সাত। লিগে এটি মেসির সপ্তম গোল! সাত, সাত, সাত, সাত! এই বছর মেসি ৫ গোল করেছেন, দুটো অ্যাসিস্ট—সহজ যোগ অঙ্কটা নিশ্চয় করে দিতে হবে না আপনাদের!

সাত? তিন সংখ্যাটা এতে ‘মাইন্ড’ করে বসতে পারে। এটি বার্সেলোনার হয়ে মেসির ৩৩ নম্বর হ্যাটট্রিক। তিনটি দল আছে, যাদের বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেছেন তিনটি করে (অ্যাটলেটিকো, ভ্যালেন্সিয়া ও ওসাসুনা)। হ্যাটট্রিক মানেই তো ‘তিন’!
সংখ্যা তত্ত্বের আরেকটি মজা আছে। জোড়ায়-জোড়ায়। ৩৩ (বার্সার হয়ে মেসির মোট হ্যাটট্রিক) তিনের জোড়া। ২২ (ন্যু ক্যাম্পে মেসির হ্যাটট্রিক সংখ্যা) দুইয়ের জোড়া। ১১ (প্রতিপক্ষের মাঠে মেসির মোট হ্যাটট্রিক) একের জোড়া!
আচ্ছা, সাতের মধ্যেই থাকা যাক। জ্যোতিষী হলে গুরুগম্ভীর কণ্ঠে বলা যেত, মিস্টার লিও, ব্যক্তিগত জীবনে আপনার ওপর কিন্তু সাতের ভীষণ প্রভাব। আপনি জন্মেছেন ১৯৮৭ সালে। আপনার পেশাদার ফুটবলে অভিষেক ১৭ অক্টোবর। আপনার উচ্চতা ১ দশমিক ৭ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)। প্রথম মৌসুমে বার্সা হয়ে আপনি মোট খেলেছেন ৭৭ মিনিট!