সাদ-রুবেলে জয়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ একটা গোল করে মুহূর্তেই দলের উৎসবের মধ্যমণি হয়ে উঠলেন সাদ উদ্দিন (১৫ নম্বর জার্সি)। রুবেল (সবার বাঁয়ে), ওয়ালী, টুটুলরা উল্লাসে মেতে উঠলেন আবাহনীর এই ফরোয়ার্ডকে নিয়ে। পরে রুবেলও করেছেন দুর্দান্ত এক গোল। পুরুষদের ফুটবলে বাংলাদেশকে ভুলে যাওয়া এক জয়ের স্বাদ দিল আবাহনী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l হাসান রাজা
দারুণ একটা গোল করে মুহূর্তেই দলের উৎসবের মধ্যমণি হয়ে উঠলেন সাদ উদ্দিন (১৫ নম্বর জার্সি)। রুবেল (সবার বাঁয়ে), ওয়ালী, টুটুলরা উল্লাসে মেতে উঠলেন আবাহনীর এই ফরোয়ার্ডকে নিয়ে। পরে রুবেলও করেছেন দুর্দান্ত এক গোল। পুরুষদের ফুটবলে বাংলাদেশকে ভুলে যাওয়া এক জয়ের স্বাদ দিল আবাহনী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l হাসান রাজা

হাসতে ভুলে গিয়েছিল আবাহনী। সেই হাসি ফিরিয়ে আনলেন সাদ ও রুবেল।
অথবা এভাবে বলা যেতে পারে, হাসতে ভুলে গিয়েছিল দেশের ফুটবল। সেই হাসি ফিরিয়ে আনলেন সাদ-রুবেল।
যেভাবেই বলা হোক, বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালকের সন্ধ্যাটা শুধুই সাদ-রুবেলের। এই দুই নতুনের হাত ধরে এএফসি কাপে প্রথম তিন ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে বদলে যাওয়া ঢাকা আবাহনী। ২ গোলে হারিয়ে দিয়েছে এএফসি কাপে গতবারের রানার্সআপ এবং গ্রুপের শীর্ষ দল বেঙ্গালুরু এফসিকে।
গত সেপ্টেম্বরে ভুটানের কাছে জাতীয় দলের সর্বনাশা হার দেশের ফুটবলে যখন ‘গেল’ ‘গেল’ রব তুলে দিয়েছে, আবাহনীর কালকের এই জয় কিছুটা হলেও আনন্দের উপলক্ষ এনে দিল। যেন তপ্ত রোদে একপশলা বৃষ্টি। সাদ ও রুবেল ২ গোল করে আবাহনীকে বের করলেন এএফসি কাপে পরাজয়ের বৃত্ত থেকে।
ওঁদের অভিযানটাও রোমাঞ্চকর। ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। ৮০ মিনিটে ঢাকা আবাহনীর ডিফেন্ডার নাসিরউদ্দিন লাল কার্ড দেখলেন। ১০ জনের দলের পক্ষে বাকি সময়টা পোস্ট অক্ষত রাখতে পারাই সহজ নয়। কিন্তু নাসিরের মাঠ ছাড়া শাপেবরই হয়ে গেল ঢাকার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।
ওই সময়ই মিডফিল্ডার ইমন বাবুকে তুলে ফরোয়ার্ড সাদ উদ্দিনকে নামান আবাহনী কোচ দ্রাগো মামিচ। মাঠে এসেই ৮৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে নায়ক হয়ে গেলেন বেশির ভাগ সময়ই বেঞ্চে কাটানো সাদ। জোনাথন ডেভিডের চলন্ত ক্রসে গড়ানো শটে করলেন ১–০। জেগে ওঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার দুয়েক দর্শকের নিস্তরঙ্গ গ্যালারি।
বেঙ্গালুরু সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে উঠে আসে, কিন্তু গোল শোধ নয়, অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে উল্টো ২-০। গোলটাও দেখার মতো। বেঙ্গালুরুর গোলরক্ষক আমরিন্দর পোস্ট ছেড়ে মাঝমাঠে চলে আসেন। এ সুযোগে দ্রুতগতির পাল্টা আক্রমণে হতভম্ব বেঙ্গালুরু। মাঝ মাঠের একটু সামনে থেকে রুবেল মিয়া বল ভাসিয়ে দেন বেঙ্গালুরুর দূরের পোস্ট। নিখুঁত সেই দূরপাল্লার অসাধারণ শটটি বাতাসে ভেসে জালে (২-০)।
আগের তিন ম্যাচেই জয়ী আই-লিগের পঞ্চম দলটি স্বপ্ন দেখছিল গ্রুপসেরা হওয়ার পথে আরও এগোবে ঢাকায়ও জয় তুলে। কিন্তু আবাহনী তা হতে দেয়নি। বেঙ্গালুরু কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে আসার বদলা তারা নিতে চাইছিল গোছানো ফুটবল খেলে। সেটা আবাহনী পেরেছে। প্রথমার্ধে তো প্রায় একতরফাই খেলেছে ঢাকার দলটি।
দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু আক্রমণে এলেও আবাহনী রক্ষণ তা সামলেছে দুর্দান্তভাবে। দুই ম্যাচ পর রক্ষণে ছিলেন সামাদ। আর সামাদ থাকা মানে বাড়তি নির্ভরতা। বেঙ্গালুরুর আক্রমণ ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রীকেন্দ্রিকই থাকল। কিন্তু ছেত্রীকে পোস্টে শট নেওয়ার ফাঁকা জায়গা দেয়নি আবাহনীর রক্ষণ।
আরেক ডিফেন্ডার ও অধিনায়ক মামুন মিয়াকে বাইরে রেখে দল সাজান কোচ। তাতে অধিনায়কের বাহুবন্ধনী পাওয়া গোলরক্ষক সোহেলও খেললেন দারুণ। চোট সারিয়ে মাঝমাঠে ফেরা ইমন, ওপরে রুবেল মিয়াও দারুণ খেলছিলেন। সামাদ-ইমনরা আসায় আবাহনীকে যথেষ্ট ধারালো লাগছিল।
যদিও কৌশলে ম্যাচের গতি বারবার থামিয়ে নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া বেশি করছিল পাঁচ ডিফেন্ডারের আবাহনী। প্রতিপক্ষকে ওপরে টেনে এনে দ্রুতগতিতে ঢোকার ছক আঁকেন কোচ। দুই উইং থেকে রুবেল মিয়া ও সোহেল রানা ক্রস ফেলছিলেন বক্সে। এমেকা তা কাজে লাগাতে পারছিলেন না।
শেষ পর্যন্ত পারলেন সাদ-রুবেল। সাদ আসায় শেষ কয়েক মিনিট আবাহনী ছিল ভীষণই উজ্জীবিত দল। ১৭ মে মালেতে মাজিয়ার সঙ্গে পরের ম্যাচে জয়ের একটা অনুপ্রেরণা তাহলে পেল আবাহনী!
আবাহনী: সোহেল, ওয়ালী, নাসিরউদ্দিন, রায়হান, সামাদ, ইমন (সাদ), সোহেল রানা (টুটুল), জোনাথন, ইয়াছিন, এমেকা, রুবেল মিয়া।