সাদা-কালোদের রঙিন সন্ধ্যা
কাঁদতে পারতেন আনন্দে। কেঁদেছেনও। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েও মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসির চোখে আনন্দজল ছিল না। দুঃখে, ক্ষোভে, অভিমানে অঝোরে কাঁদলেন মোহামেডানের সাবেক খেলোয়াড়।
চোখ মুছতে মুছতে আবেগাক্রান্ত কোচ বলছিলেন, ‘আশির দশকে যে মোহামেডান পরিবারকে দেখেছিলাম সেই পরিবার আজ বিভক্ত। এই জয়ের মাধ্যমে মোহামেডানের সমর্থক, সাবেক খেলোয়াড়দের বলব আবার মোহামেডানে আসুন। আমরা একটা পরিবার ছিলাম। পরিবার হিসেবেই থাকতে চাই।’ শুধু সমর্থকদের কাছেই নয়, আবেদন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল ক্লাবেরই প্রতিনিধি না; আপনি ১৬ কোটি মানুষের। আপনি জানেন, এটা ঐতিহ্যবাহী দল। আপনার কাছে আবেদন, এই দলের দিকেও দৃষ্টি দেন।’
বাস্তবতা হচ্ছে কোচের মতো এত আবেগ এখন সমর্থকদেরও নেই। পুরোনো দিনের আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচের মতো সেভাবে দর্শকেরাও মাঠে আসে না। তারপরও কাল হাজার দশেক দর্শক এসেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ।
ম্যাচের মিনিট খানেক বাকি থাকতে মোহাম্মদ ইব্রাহিমের গোলে মোহামেডানের গ্যালারি উন্মাতাল। আবাহনীর গ্যালারিতে তখন শ্মশানের নীরবতা। কক্সবাজারের ১৮ বছরের তরুণ ইব্রাহিম দুই বছর আগে মুক্তিযোদ্ধা অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করে নজর কাড়েন কোচ শফিকুল ইসলাম মানিকের। তিনিই গত মৌসুমে সুযোগ করে দেন সিনিয়র দলে। এবার এসেছেন মোহামেডানে। কাল মোক্ষম সময়েই জ্বলে উঠলেন ইব্রাহিম, করলেন লিগে নিজের তৃতীয় গোল। অভিজ্ঞ আবাহনী শেষ দিকে এসে হেরে গেল এই তারুণ্যের কাছেই।
ইব্রাহিম গোল করেই এক টানে জার্সি খুলে ছুটে যান সাদা-কালো গ্যালারির দিকে। রেফারি জসিমউদ্দিন হলুদ কার্ডও দেখিয়েছেন। কিন্তু এই আনন্দের দিনে কার্ডে কীই-বা আসে যায়, ‘বল পেয়ে একটুও নার্ভাস হইনি। একটা কথাই মাথায় কাজ করছিল, বল পেয়েছি, যেভাবেই হোক সেটা নেটে পাঠাতে হবে। কার্ড খেতে পারি সেটা নিয়ে ভাবিইনি।’
কক্সবাজারের বন বিভাগের ড্রাইভার মোহাম্মদ ইয়াসিনের স্বপ্নকে সফল হওয়ার পথে ছোটাচ্ছেন যেন তাঁর ছেলে। ইব্রাহিম গোলটি উৎসর্গ করেছেন বাবা-মাকে। গত পাঁচ মাস বাড়িতে যাননি। কাল রাতেই কক্সবাজারের টিকিট কেটেছেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসা ইব্রাহিমের মুখে তখন বাড়ি ফেরার আকুলতা।
গত মার্চে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রাথমিক দলে সুযোগ পেয়েও চূড়ান্ত দলে ডাক পাননি। সেই জেদ ইব্রাহিমকে জুগিয়েছে আরও ভালো খেলার উৎসাহ, ‘সতীর্থদের অনেকে সুযোগ পাওয়ার পর মনে হচ্ছিল আমাকেও ভালো করতে হবে।’ কোচ জোসি অবশ্য জয়ের কৃতিত্ব দিলেন দলের সবাইকেই, ‘এই জয়ের সব কৃতিত্ব ছেলেদের।’
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে হতাশ কোচ জর্জ কোটান। তাঁর মুখে সেই পুরোনো কথাই, ‘আমরা গোল করতে পারছি না। এটাই আমাদের সমস্যা। এই প্রথম নয় যে আমরাই আমাদের হারালাম। গোলটিকে বলব আত্মঘাতী।’