সাদা রিয়ালের 'লাল' রামোস

ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাব থেকে কি প্রস্তাব পেয়েছেন সার্জিও রামোস? হঠাৎ করেই যে লিগটির বড় ভক্ত হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার! বড় আফসোস করে বললেন, স্পেনের রেফারিরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের মতো হতো!
রামোসকে ইংলিশ লিগের ‘ভক্ত’ বানিয়ে দিয়েছে পরশু দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে পাওয়া লাল কার্ডটি। এটা মেনেই নিতে পারছেন না রিয়াল মাদ্রিদ অধিনায়ক। ১৮তম লাল কার্ড দেখে ছুঁয়ে ফেলেছেন লা লিগার রেকর্ড। রিয়ালে এক যুগের ক্যারিয়ারে এটি তাঁর ২৩তম লাল কার্ড। এখানে রেকর্ডটি শুধুই তাঁর।
সর্বশেষ লাল কার্ডটি দুই হলুদ কার্ডের যোগফল। যে কারণে তাঁকে কার্ড দেখিয়েছেন রেফারি, ইংলিশ লিগে তা কার্ড দেখানোর মতো শাস্তি বলে বিবেচিত হতো বলে মনে করেন না রামোস। ‘কিছু ক্ষেত্রে আমাদের ইংলিশ ফুটবলের দিকে তাকাতে হবে। খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। ওদের ধরনটা আমার পছন্দ।’ রয়টার্স।