সাদাকালো রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া পেনাল্টি গোলে মোহামেডানের জয়ে বড় অবদান গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার (সামনে)। গোলের পর সতীর্থ জুয়েল রানা আনন্দে চেপে বসলেন তাঁর কাঁধেই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
জোড়া পেনাল্টি গোলে মোহামেডানের জয়ে বড় অবদান গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার (সামনে)। গোলের পর সতীর্থ জুয়েল রানা আনন্দে চেপে বসলেন তাঁর কাঁধেই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

২ গোলে পিছিয়ে ৩ গোলে ম্যাচ জিতে নেওয়া যেকোনো দলের জন্যই দারুণ কৃতিত্বের। এই মোহামেডানের জন্য তো আরও বেশি। অনভিজ্ঞ দল নিয়েও মুক্তিযোদ্ধার হাত থেকে ম্যাচ কেড়ে নিয়ে মোহামেডান কাল রোমাঞ্চই ছড়িয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
অথচ প্রথমার্ধে ২ গোল করে জয়ই দেখছিল মুক্তিযোদ্ধা। ৪০ মিনিটে অধিনায়ক এনামুলের থ্রু ধরে গোল করেন বিপ্লব। মিনিট দুয়েক পরই জ্বলে উঠলেন এনামুল নিজেই। কামারার বাড়ানো বল বক্সের ভেতর থেকে তাঁর বুদ্ধিদীপ্ত টোকায় ২-০।
দ্বিতীয়ার্ধে এই মুক্তিযোদ্ধাই এমন ছন্নছাড়া হয়ে উঠবে কে ভেবেছিল! লাল জার্সির খেলোয়াড়েরা ভুল করতে থাকলেন। আক্রমণে উঠে নিচে আর নামতে পারছিলেন না। রক্ষণের ওপর চাপ পড়েছে। ফাঁকা জায়গা কাজে লাগিয়ে বারবারই আক্রমণে উঠছিল সাদা-কালো দল। মোহামেডানের তরুণ খেলোয়াড়দের ফিটনেস ভালো, দৌড়াতে পারে। দ্রুতগতির জুয়েল রানা ঝলক দেখালেন বার কয়েক। অভিজ্ঞ মোবারকও ফাটল ধরাচ্ছিলেন মুক্তিযোদ্ধার রক্ষণে।
তারই ফল মোহামেডানের দুটি পেনাল্টি পেয়ে যাওয়া। আগের ম্যাচেও মুক্তিযোদ্ধার বিপক্ষে পেনাল্টি হয়েছে দুটি। দুই ম্যাচে চার পেনাল্টি—বাংলাদেশের ফুটবল সংস্কৃতিতে কেমন যেন বেমানান। মুক্তিযোদ্ধা অবশ্য কাল প্রবল আপত্তি তুলেছে পেনাল্টি নিয়ে।
৫৫ মিনিটে প্রথম পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরার গোল। ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম মোহামেডানকে ফেরালেন ম্যাচে। মিনিট দুয়েক পর আবার পেনাল্টি। এবারও লক্ষ্যভেদী বাঙ্গুরা, প্রিমিয়ার লিগে যেটি তাঁর পঞ্চম গোল।
প্রথম চার ম্যাচেই জয় তুলেছিল মুক্তিযোদ্ধা, উড়তে থাকা সেই দল ফিরে এল বাস্তবতার জমিনে। গত দুটি ম্যাচে দেখা গেছে, মুক্তিযোদ্ধা একটা সময় পর্যন্ত ভালোই খেলছে। তারপর আর ম্যাচে নেই। আগের ম্যাচে সেই সুযোগ নিয়ে ব্রাদার্স করেছে ৫ গোল। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা ১৩ গোল করে খেয়েছে ১২টি!
এভাবে উদার গোলভক্ষণ হতাশ করে তুলছে কোচ আবু ইউসুফকে, ‘খেলতে খেলতেই ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে ছেলেরা। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ফিটনেসের অভাব হতে পারে বড় কারণ। এসব নিয়ে কাজ করতে হবে।’
মোহামেডানের জন্য এখন পর্যন্ত লিগযাত্রা মোটামুটি স্বস্তিরই। দলীয় শক্তি-সামর্থ্য বিবেচনায় ছয় ম্যাচে চার জয় বলার মতোই। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে শেখ রাসেলের মতো বড় দল পয়েন্ট তালিকার ছয়ে। এগিয়ে চলার ধারাটা এগিয়ে নিতে চান মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি, ‘আমরা খুশি। জয়ের ধারা ধরে রেখে প্রথম পর্বে অন্তত তৃতীয় স্থানে থাকতে পারলে মন্দ হবে না।’
মোহামেডানের সেই আগের স্বপ্নমাখা দিন তো আর নেই!