সাদা-কালো চকলেট

মজা করেই ছবিটার ক্যাপশন দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০ বছর ধরে যাঁর সঙ্গে বন্ধুত্ব, তাঁর সঙ্গে তো এমন মজা করাই যায়। কিন্তু এ নিয়েই যে এত জলঘোলা হবে, রীতিমতো বর্ণবাদের অভিযোগ উঠবে, এ নিশ্চয়ই ভাবেননি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড।
কী লিখেছিলেন রোনালদো? বন্ধু জোসে সেমেদোর সঙ্গে পুলে খালি গায়ে পাশাপাশি দাঁড়িয়ে তোলা একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। নিজেদের ‘চকলেটে’র সঙ্গে তুলনা দিয়ে ছবিটার ক্যাপশনে লিখেছেন, ‘একেবারে নিখুঁত মিল। সাদা আর কালো চকলেট।’ তা ‘লাইক’কে যদি মানদণ্ড ধরেন, তাহলে ছবিটা ভালোই সাড়া ফেলেছে। এই প্রতিবেদন লেখার সময়েই প্রায় ২৯ লাখ লোক ‘পছন্দ’ করেছে ছবিটা।
কিন্তু ‘লাইক’ নয়, ছবিটা সাড়া ফেলেছে বর্ণবাদের অভিযোগের কারণে। রোনালদো কেন দুজনের গায়ের রং ‘সাদা-কালো’ বললেন—এ নিয়ে অনেকের ক্ষোভ। পোস্টে একজনের মন্তব্য, ‘একটু বর্ণবাদী হয়ে গেল কথাটা’। আরেকজন আক্রমণই করে বসলেন, ‘তুমি বর্ণবাদী!’ তবে ৩২ বছর বয়সী পর্তুগিজ তারকার পক্ষেও বলছেন অনেকে। একজন লিখেছেন, ‘সে তাঁর বন্ধুর পাশে দাঁড়িয়ে, যার গায়ের রংটা কালো...এখানে বর্ণবাদের কী হলো?’ আর ক্যাপশনের মজাটা ধরতে পেরেছেন আরেকজন, ‘হাহাহাহা...এটা বর্ণবাদী নয়। শুধুই মজা করে লেখা!’
হাস্যকৌতুকের বিষয়টি পরিষ্কার হবে ছবিতে পাশে দাঁড়ানো সেমেদোর সঙ্গে রোনালদোর বন্ধুত্বের প্রমাণ পেলে। রোনালদো স্পোর্টিং লিসবনের একাডেমিতে থাকার সময় থেকেই দুজন ঘনিষ্ঠ বন্ধু। ফুটবল ক্যারিয়ার বিবেচনা করলে দুজনে আকাশ-পাতাল ব্যবধান। চারবার ব্যালন ডি’অর-জয়ী রিয়াল তারকার বন্ধু সেমেদো এখন ক্লাবহীন। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ওয়েনসডে তাঁকে এই মৌসুমে ছেড়ে দিয়েছে।
তবে বন্ধুত্বের সঙ্গে ক্যারিয়ারের সাফল্যের কী সম্পর্ক! রোনালদো-সেমেদোর বন্ধুত্বেও এর প্রভাব পড়েনি। প্রতিদিনই নাকি কথা হয় তাঁদের। জুনে কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রোনালদোর শিরোপা জয় ভিআইপি বক্সে বসে দেখেছেন সেমেদো। দুজনই এখন পরিবার নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন একসঙ্গে। বন্ধুত্বটা কেমন, তা জানাতে গিয়ে গত জানুয়ারিতে এক সাক্ষাৎকারে সেমেদো বলেছিলেন, ‘রোনালদো আমার কাছে ভাইয়ের মতো।’
ভাইয়ে ভাইয়ে গায়ের রঙে ভিন্নতা থাকতে পারে। সেটি নিয়ে মজা হতে পারে। কিন্তু বর্ণবাদ? সেটি সম্ভবত হতে পারে না। ডেইলি মেইল।