সাধারণ মানুষটার জন্মদিনে…

>২০১৫ সালের অক্টোবরে যখন লিভারপুলের দায়িত্ব নিলেন, ঘোষণা দিয়েছিলেন, প্রথম ট্রফিটা জিততে ঠিক চার বছর সময় নেবেন। সাড়ে তিন বছরেই জিতেছেন সেটা, চ্যাম্পিয়নস লিগ। আর আজকে তেপান্নতে পা দেওয়া মানুষটা স্বপ্ন দেখছেন আর মাত্র দুই ম্যাচ জিতে তিরিশ বছর পর লিভারপুলকে ইংলিশ লিগ জেতানোর
২৬ মে, ২০১৮।
ইউক্রেনের কিয়েভে তখন সবে সন্ধ্যা। টানা দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় লিভারপুল। আগের মৌসুমেও ইউরোপসেরাদের কাতারে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয়নি যাদের। এক বছর পর তারাই সোজা ফাইনালে। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ভার্জিল ফন ডাইকরা সারছেন একদম শেষ মূহুর্তের প্রস্তুতি। পিনপতন নীরবতা। শঙ্কা, দুশ্চিন্তা গ্রাস করেছে যেন গোটা ড্রেসিংরুমে।
হঠাৎ ম্যানেজারের আগমন। ইয়ুর্গেন ক্লপ।
সালাহ-হেন্ডারসনরা বিস্ময়ভরে লক্ষ্য করলেন, তাঁদের ম্যানেজার নিচে একটা অন্তর্বাস আর ওপরে একটা শার্ট ছাড়া কিচ্ছু পরেননি। শার্টটা আবার গুঁজেছেন ওই অন্তর্বাসের মধ্যেই। আরও অবাক করা বিষয়, অন্তর্বাসটা আবার তৎকালীন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্র্যান্ডের! শরীরের নিম্নাংশ ঢেকে রাখা বস্ত্রে জ্বলজ্বল করছিল 'সিআর৭' অক্ষরগুলো!
হাসির রোল পড়ল ড্রেসিংরুমে। কীসের দুশ্চিন্তা? কীসের ভয়? কোচের কাণ্ড দেখে হেন্ডারসন-সালাহরা হেসেই খুন! ডমিনিক সোলাঙ্কে, বেন উডবার্নের মতো 'বাচ্চা' খেলোয়াড়েরা ওদিকে গড়াগড়ি করছে।
এক নিমেষে সকল চিন্তা ভোজবাজির মতো উধাও হয়ে গেল যেন।
সে দিনের ঘটনাটা ফুটে উঠেছে লিভারপুল মিডফিল্ডার জর্জিনিও ভাইনালদামের কথায়, 'আমরা দেখলাম, সে নিচে শুধু একটা ক্রিস্টিয়ানো রোনালদোর অন্তর্বাস পরে চলে এসেছে। শার্ট আবার ওর মধ্যে গুঁজে রেখেছে। ওই মূহুর্তটাই যথেষ্ট ছিল, ড্রেসিংরুমের গুমোট পরিবেশ কাটানোর জন্য। সাধারণত এমন পরিবেশে সবাই গুরুগম্ভীর থাকে, চিন্তিত থাকে। ওই এক মূহুর্তে সবার মধ্যে প্রাণ ফিরে এলো যেন।'
ইয়ুর্গেন ক্লপ মানুষ হিসেবেও এমনই। সব সময় হাসছেন, ঠাট্টা-মশকরা করছেন। মন খারাপ জিনিসটা তাঁর অভিধানেই নেই বোধহয়। না হয় কোন ম্যানেজার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারার পরের ভোরে লিভারপুলে দলের সাধারণ সমর্থকদের সঙ্গে গলাগলি করে বিয়ার পান করতে করতে চিৎকার করে সবার সঙ্গে গান গাইতে পারেন? অথচ সেটাই হয়েছিল। লিভারপুল সমর্থকদের সঙ্গে সে ভোরে ক্লপকে দেখা গিয়েছিল মনের আনন্দে 'আমরা আবারও চেষ্টা করব (উই গো এগেইন)' গান গাইতে!
ক্লপ কথা রেখেছিলেন। রিয়ালের বিপক্ষে হারের ঠিক এক বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন দলকে। তবে এবার আর অধোবদনে প্রতিপক্ষ দলকে শিরোপা নিয়ে উৎসব করতে দেননি। দীর্ঘ চার বছরের অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার পুরষ্কার পেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ জিতে, টটেনহামকে হারিয়ে।
অন্যান্য ম্যানেজারদের সঙ্গে ক্লপের পার্থক্যের জায়গাটা বোধহয় এখানেই। কখনই খেলোয়াড়দের শূলে চড়াতে চান না। সব দোষ নিয়ে নেন নিজের মাথায়। খেলোয়াড়দের ওপর বাড়তি কোনো চাপ দেন না। শিষ্যরা যেন মাঠে গিয়ে নিজেদের সম্পূর্ণ উপভোগ করতে পারে, সে চেষ্টা করে যান সব সময়।
২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ঠিক আগ দিয়ে দলের (ক্লপ তখন বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন) সবচেয়ে প্রতিভাবান তারকা মারিও গোতশে যখন হুট করে পেপ গার্দিওলার অধীনে শত্রুপক্ষ বায়ার্নে যাওয়ার সিদ্ধান্ত নিলেন (সেবার ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল এই বায়ার্নই), সে দোষটাও ক্লপ নিজের মাথায় নিয়েছিলেন, 'দোষ আমারই। আমিই নিজের উচ্চতা আর কয়েক সেন্টিমিটার কমিয়ে স্প্যানিশ ভাষা বলতে পারি না!'
কিংবা গত চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের কথাই ধরুন। বার্সেলোনার মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হেরে লিভারপুল তখন বাদ পড়ার দ্বারপ্রান্তে। দ্বিতীয় লেগ শুরু আগে হাস্যোজ্জ্বল ক্লপ বললেন, 'আমরা যেভাবে এবার চ্যাম্পিয়নস লিগ খেলেছি, সেটাই উদযাপন করতে চাই। আমার পরিকল্পনা ওটাই। যদি জিতি, অসাধারণ। যদি হারি, তাও যেন সবচেয়ে সুন্দরভাবে ব্যর্থ হই!'
ফলাফল, পরের লেগে নিজেদের মাঠে লিওনেল মেসির বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিভারপুল।
লিভারপুলের ম্যানেজার হওয়ার পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ইংলিশ ফুটবলে আসার পর নিজেকে 'স্পেশাল ওয়ান (বিশেষ একজন)' বলে পরিচয় দিয়েছিলেন হোসে মরিনহো। ক্লপ নিজের পরিচয় কীভাবে দিতে চান?
জবাবে ক্লপ ছিলেন অকপট, 'আমি সাধারণ একজন (নরমাল ওয়ান)। আমি খেলোয়াড় হিসেবেও অনেক সাধারণ মানের ছিলাম। মেইঞ্জের মতো বিশেষ একটা ক্লাবের ম্যানেজার হওয়ার সুযোগ হয় আমার। এরপর সাত বছর ধরে বরুসিয়া ডর্টমুন্ডের মতো অসাধারণ এক ক্লাবের দায়িত্বে থেকেছি। এখন এসেছি ইংল্যান্ডে। আশা করি নিজের কাজ উপভোগ করতে পারব।'
লিভারপুলের সমর্থকদের প্রতি তাঁর বার্তা ছিল স্পষ্ট, 'আমি বলছি না আমার আসার পর লিভারপুল সবচেয়ে সফল একটা বছর কাটাবে। তবে আমরা সবাই যদি চাই, নতুন ইতিহাস লিখতেই পারি। লিভারপুলের সমর্থকেরা এখন সবাই একটু সন্দিহান, একটু নৈরাশ্যবাদী, একটু নেতিবাচক। আমাদের নৈরাশ্যবাদী থেকে অবশ্যই বিশ্বাসী হতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।'
আজ ইয়ুর্গেন ক্লপের ৫৩ তম জন্মদিনে লিভারপুল সমর্থকেরা তাই বলতেই পারেন, 'হ্যাঁ, আমরা বিশ্বাসী হয়েছি। বিশ্বাসী হয়েছি লিভারপুলের সামর্থ্যে, ইয়ুর্গেন ক্লপের ক্ষমতায়!'