সান সিরোতে ইতালির 'ধোঁয়াটে' ড্র

ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচের মুখটা খুশিতে ঝলমল করার কথা। ইতালির মাঠে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করাটা তাদের জন্য বিরাট সাফল্য। কিন্তু সংবাদ সম্মেলনে কোভাচ আগেভাগে ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু সান সিরোতে পরশু কী এমন হলো যার জন্য খেলা ছাপিয়ে কোভাচের কাছে ক্ষমাটাই বড় হয়ে উঠল?
ম্যাচটা যারা গ্যালারিতে দেখেছে, তাদের অনেকের সময়টা কেটেছে ভয়ের মধ্যে। ক্রোয়েশিয়ার হাজার পাঁচের সমর্থক স্টেডিয়ামে খেলেছে আগুন নিয়ে! আতশবাজি ছুড়ে, আগুন জ্বালিয়ে তারা এমনই অবস্থা করেছিল যে শেষ পর্যন্ত খেলাই বন্ধ করে দিতে হয় রেফারিকে। প্রথমার্ধে আতশবাজি মাঠে এসে পড়ায় মিনিট তিনেকের জন্য খেলা বন্ধ রাখতে হয়। দ্বিতীয়ার্ধে ‘আনন্দের সন্ত্রাস’ আরও বাড়ে। এবার ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দিকে ধেয়ে আসতে থাকে আতশবাজি। তখন খেলা বন্ধ হয়ে যায় ১০ মিনিটের জন্য। শেষ পর্যন্ত ভালোয় ভালোয় খেলা শেষ হতে পারাটাই বেশি!
সমর্থকদের এমন কাণ্ডের জন্য ক্রোয়েশিয়াকে শাস্তিও পেতে হতে পারে। কোভাচ যদিও বলেছেন, ‘মাঠে শিশুরা ছিল। এটা ফুটবল নয়। আমাদের দেশ ও মানুষের ভাবমূর্তি তো এমন নয়। আমরা দুঃখিত ও যেটা ঘটেছে সেটার জন্য হতাশ।’ অথচ ফুটবলীয় বিচারে ক্রোয়েশিয়ার ইতালি সফর সফল। এ নিয়ে টানা সাত ম্যাচে ইতালির সঙ্গে অপরাজিত ক্রোয়েশিয়ানরা। ১১ মিনিটে মিডফিল্ডার আন্তোনিও কানদ্রেভার গোলে ইতালিই এগিয়ে গিয়েছিল। কিন্তু মিনিট পাঁচেক পর বুফনের ‘অবুফনসুলভ’ ভুলের কারণে গোলটা শোধ করে দেন ইভান পেরিসিচ। শেষ দিকে এই পেরিসিচই সহজ একটা সুযোগ কাজে লাগাতে পারলে ক্রোয়েশিয়া জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইতালি কোচ আন্তোনিও কন্তেও কিন্তু হতাশ নন, ‘পরিস্থিতি ও লক্ষ্য বিচারে, আমি দলের পারফরম্যান্সে খুশি’। গ্রুপে দুই দলেরই চার ম্যাচে ১০ পয়েন্ট, তবে গোল ব্যবধানে সবার ওপরে ক্রোয়েশিয়া।
তবে পরশু সবচেয়ে বড় হাসিটা ফুটেছে গাস হিডিঙ্কের মুখে। ডাচ কোচ আগেই আভাস দিয়েছিলেন, লাটভিয়ার সঙ্গে জিততে না পারলে দায়িত্ব ছেড়ে দেবেন। বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সময়টা বড্ড খারাপ যাচ্ছিল, ইউরো বাছাইয়ের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে পিঠ ঠেকেছিল দেয়ালে। এখন অবশ্য আর যেতে হচ্ছে না হিডিঙ্ককে, বরং রোবেন-ফন পার্সিদের দুর্দান্ত হল্যান্ড অনেকটাই ভারমুক্ত করেছে হিডিঙ্ককে। লাটভিয়ার সঙ্গে ৬-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন আরিয়েন রোবেন ও ক্লাস-ইয়ান হান্টেলার। অন্য গোল দুটি রবিন ফন পার্সি ও জেফরি ব্রুমার। এএফপি।
এক নজরে ফল
ইতালি ১ : ১ ক্রোয়েশিয়া
হল্যান্ড ৬ : ০ লাটভিয়া
চেক প্রজাতন্ত্র ২ : ১ আইসল্যান্ড
তুরস্ক ৩ : ১ কাজাখস্তান
বেলজিয়াম ০ : ০ ওয়েলস
সাইপ্রাস ৫ : ০ অ্যান্ডোরা
ইসরায়েল ৩ : ০ বসনিয়া
আজারবাইজান ০ : ১ নরওয়ে
বুলগেরিয়া ১ : ১ মাল্টা
আগে স্বাগতিক দল