সানচেজপুত্রের এমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যেন বিপর্যয় নেমে এল হুগো সানচেজের জীবনে। মেক্সিকো ও রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি স্ট্রাইকারের নামটা হয়তো অনেকেরই জানা। পরশু সানচেজের ছেলে হুগো সানচেজ পর্তুগালের মৃতদেহ পাওয়া গেছে মেক্সিকো সিটির এক অ্যাপার্টমেন্টে।
এটি প্রথম চোখে পড়ে সানচেজের পুত্রবধূর। নিজেদের অ্যাপার্টমেন্টে ঢুকে তিনি দেখতে পান স্বামীর লাশ পড়ে আছে, সঙ্গে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত লোকের মৃতদেহ। সানচেজের ছেলের বয়সও বেশি হয়নি, ৩০। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে মারা গেছেন দুজন। তবে ঘটনাটা দুর্ঘটনাবশত না উদ্দেশ্যমূলক, সেটা পুলিশ খতিয়ে দেখছে।
ছেলের মৃত্যুর খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে চলে এসেছেন সানচেজ। সানচেজ জুনিয়র বাবার মতো বিখ্যাত হতে না পারলেও ফুটবলের সঙ্গেই জড়িয়ে ছিলেন। মেক্সিকোর পুমা ও পোত্রোস ডে আটলান্টের হয়ে খেলেছেন। খেলা ছাড়ার পর ২০১২ সালের অক্টোবর থেকে ক্লাব মিগুয়েল হিদালগোর ক্রীড়া পরিচালকের দায়িত্বে ছিলেন। এএফপি।