সানচেজের গোলে চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে বেশ কষ্টই করতে হলো আর্সেনালকে। প্লে-অফের প্রথম লেগে তুরস্কের ক্লাব বেসিকতাসের বিপক্ষে মাঠ ছেড়েছিল গোলশূন্য ড্র নিয়ে। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের খেলায় জয় পাওয়া যাবে কি না, তা নিয়ে হয়তো কিছুটা সংশয়েই ছিলেন আর্সেনালের সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত গানাররা প্লে-অফের বাধাটা উতরে গেছে আলেক্সিস সানচেজের গোলের সুবাদে। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল।
আর্সেনালের জয়ের রাতে হোঁচট খেয়েছে নাপোলি। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-১ গোলে হেরে এবার আর ইউরোপ-সেরার লড়াইয়ে অংশ নিতে পারছে না ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে ১৯৯৮/৯৯ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে অ্যাথলেটিক বিলবাও।
সানচেজকে দলে ভিড়িয়ে আর্সেন ওয়েঙ্গার যে কোনো ভুল করেননি, সেটাই যেন এই ম্যাচে প্রমাণ করলেন সানচেজ। মৌসুমের প্রথম ম্যাচে কমিউনিটি শিল্ডে তাঁর সহায়তাতেই গোল পেয়েছিল আর্সেনাল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দল জিতেছিল ৩-০ গোলে। প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচে অবশ্য খুব একটা নিজের মধ্যে ছিলেন না সানচেজ। ক্রিস্টাল প্যালেস ও এভারটনের বিপক্ষে দলের একক স্ট্রাইকার হিসেবে যেন কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি। ওয়েঙ্গার অবশ্য শতাশ হননি। বলেছিলেন, ক্লান্তি একটা সমস্যা হতে পারে। পরে ঠিক হয়ে যাবে। বেসিকতাসের বিপক্ষেই ওয়েঙ্গারের আস্থার প্রতিদানটা ভালোভাবেই দিয়ে দিলেন বিশ্বকাপে ঝড় তোলা এই চিলিয়ান ফরোয়ার্ড। ৭৩ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারটা যে খচখচানি তৈরি করছিল, তা থেকে এত দিনে ক্লাবকে যেন এই ম্যাচে মুক্তিই দিলেন সানচেজ। গুরুত্বপূর্ণ ম্যাচের গুরুত্বপূর্ণ গোলে ক্লাবের প্রত্যাশাটাও বাড়িয়ে দিলেন অনেকখানি। অলিভার জিরুর মতো প্রেসিং না হলেও ঠিক সময়ে ঠিক কাজটি করার ক্ষমতা যে তাঁর আছে, সেটাও জানিয়ে দিলেন সবাইকে।
দ্বিতীয়ার্ধে, ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন আর্সেনালের ডিফেন্ডার ম্যাথু দেবুশি। তাতেও অবশ্য জয় আটকায়নি গানারদের। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্ব শেষ হয়ে যাওয়ায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘একটা বড় ভার নেমে গেল কাঁধ থেকে। এখন আমরা প্রিমিয়ার লিগের দিকে মনোযোগ দিতে পারব।’ রয়টার্স