সানচেজের মতোই ইউনাইটেড ছেড়ে ‘পালাবেন’ বিক?

ইউনাইটেডের জার্সিতে এখনো আলো ছড়াতে পারেননি বিক।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ কপালে তোলা বেতনে আলেক্সিস সানচেজকে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের সঙ্গে কাগজে-কলমে আড়াই বছর ছিলেন। এর মধ্যে অবশ্য এক বছর ধারেই কাটিয়েছেন ইন্টার মিলানে। বাকি সময়েও যে খুব বেশি কিছু করেছেন, সেটাও নয়। দেড় বছরে সানচেজের মতো ফরোয়ার্ড মাত্র ৬ গোল করেছিলেন। শেষ পর্যন্ত ইন্টার মিলানেই পাকাপাকিভাবে চলে গেছেন চিলিয়ান ফরোয়ার্ড।

সানচেজ পরে দাবি করেছেন, ইউনাইটেডে যে তাঁর ভালো সময় কাটবে না, এটা প্রথমেই বুঝেছিলেন। ক্লাবের হয়ে প্রথম অনুশীলন শেষেই নাকি তাঁর এজেন্টকে ফোন করে বলেছিলেন, চুক্তি ছিঁড়ে ফেলা সম্ভব হলে তা–ই করতেন! সানচেজের মতোই তেমন কিছু বলার সময় সম্ভবত এসে গেছে ডনি ফন ডি বিকের। অন্তত ইউনাইটেডের সাবেক খেলোয়াড় দিমিতার বারবাতভের ধারণা, ছয় মাস না কাটতেই এখনই ইউনাইটেড ছাড়ার চিন্তাভাবনা শুরু হয়ে গেছে ডি বিকের। এবং এমন চলতে থাকলে বিককে ক্লাব ছাড়ারও পরামর্শ দিয়েছেন বারবাতভ।

বদলি নেমেই খুশি থাকতে হচ্ছে বিককে।
ছবি: রয়টার্স

আয়াক্সের জার্সিতে দুর্দান্ত দুটি মৌসুম কাটিয়েছেন ডি বিক। রিয়াল মাদ্রিদের মতো দলও তাঁকে নিতে আগ্রহী ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে চুক্তি প্রায় হয়ে যাওয়ার পরও রিয়ালে যেতে পারেননি। ওদিকে ডাচ ক্লাবে আর সময় কাটাতে রাজি ছিলেন না ডি বিক। ইউনাইটেডের মিডফিল্ডে পল পগবা, ব্রুনো ফার্নান্দেজদের উপস্থিতির পরও গেছেন সেখানে। প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলছিলেন, রেড ডেভিলদের জার্সিতে ডি বিক খুব বেশি সুযোগ পাবেন না।

মৌসুমের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, ডি বিক মাত্র ৭৬২ মিনিট মাঠে ছিলেন। এই সময়ে মাত্র এক গোল এবং একটি গোলে সহায়তা তাঁর। অথচ আয়াক্সের হয়ে নিয়মিত গোল করে ও করিয়ে বিখ্যাত এই মিডফিল্ডার। কোচ উলে গুনার সুলশারের অধীনে কোনোভাবেই দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ২৩ বছর বয়সী ডাচ। লিগে মাত্র দুই ম্যাচে শুরু থেকে একাদশে ছিলেন। এরই মধ্যে জাতীয় দলের কোচ সতর্ক করেছেন, নিয়মিত না খেললে ২০২১ ইউরোতে নেদারল্যান্ডস দলে জায়গা হারাতে পারেন ডি বিক।

সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড বারবাতভ এমন কিছু দেখতে চান না। কী কারণে ইউনাইটেডের হয়ে খেলছেন না এই মিডফিল্ডার, সেটাও বুঝে উঠতে পারছেন না, ‘আমি জানি না, ডনি ফন ডি বিকের সঙ্গে কী হচ্ছে। ওকে নেওয়ার আগেই বলেছি, খেলোয়াড় হিসেবে আমি ওকে পছন্দ করি। আয়াক্স ও জাতীয় দলের হয়ে দারুণ ছিল সে, কিন্তু ইউনাইটেডে খেলছেই না। আমি অনুশীলন সেশন দেখি না। এবং মাঠে এত কম খেলে যে বলতে পারব না, ওর কী সমস্যা।’

বারবাতভের ধারণা, বসে থেকে থেকে অস্থির হয়ে উঠেছেন ডি বিক। তাই উত্তরসূরিকে পরামর্শ দিয়েছেন সুলশারের কাছ থেকে জবাব চাইতে, ‘টানা কয়েক ম্যাচ খেলা দরকার ওর, তাহলেই আত্মবিশ্বাস ফিরে পেতে পারে। এটা পরিষ্কার বুঝতে পারছি, ওর আত্মবিশ্বাস এখন তলানিতে। আর এটাই স্বাভাবিক। যখন নিয়মিত খেলবেন না, তখনই নিজেকে নিয়ে প্রশ্ন করবেন, নিজের ক্ষতি করবেন।’

এমন পরিস্থিতি চললে বিকের ইউনাইটেড ছাড়তে চাওয়াটাই স্বাভাবিক মনে হচ্ছে বারবাতভের, ‘সে যদি ক্লাব ছাড়তে চায়, তবে অবাক হব না এবং কেউই ওকে দোষ দেবে না। কিছু একটা কাজ করছে না। ও যে পরিমাণ ম্যাচ খেলছে, তাতে এই মুহূর্তে ব্রুনো ফার্নান্দেজ, পল পগবা, স্কট ম্যাকটমিনে এবং ফ্রেড ওর চেয়ে এগিয়ে। এরা সবাই কি ওর চেয়ে ভালো খেলোয়াড়? আমার মনে হয় না। সবাই ভিন্ন ধরনের খেলোয়াড় এবং খেলায় ভিন্ন কিছু যোগ করতে পারে। এ কারণেই চিন্তা হচ্ছে যে আসলেই কী হচ্ছে।’

লিগ কাপেই একটু বেশি সুযগ পেয়েছেন বিক।
ছবি: রয়টার্স

ডাচ মিডফিল্ডারকে সুলশারের কোনো পরিকল্পনা থাকলেও এখনো সেটার ছাপ দেখা যায়নি মাঠে। সুলশার যে ছকে দলকে খেলান, সেটায় ডি বিকের মতো ফুটবলার কীভাবে জায়গা করে নেন, এ নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিলেন বিশ্লেষকেরা। বারবাতভ তবু আশা ছাড়ছেন না। তাঁর ধারণা, ডি বিকের প্রতিভা কাজে লাগাতে পারলে দলেরই উপকার হবে, ‘আমি এখনো মনে করি, সে দলকে সাহায্য করতে পারবে। এখন মাঠে যে সময় পাচ্ছে, সেটা ওর আত্মবিশ্বাস বাড়ানো বা দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়। প্রিমিয়ার লিগে মানিয়ে নেওয়ার জন্যও যথেষ্ট নয়। মাঝে মাঝে শুধু নাম ও খ্যাতির কারণে অনেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকে (দলে)। ফুটবলে মাঝে মাঝে এভাবে অন্যায় হয়।’

ডি বিককে তাই একটু কঠোর পরামর্শ দিয়েছেন বারবাতভ, ‘ওর উচিত ম্যানেজারকে (সুলশার) জিজ্ঞেস করা, “কী হচ্ছে?” ওর উচিত জিজ্ঞেস করা, কেন খেলছে না সে এবং এটা বদলাতে সে কী করতে পারে। উত্তর শুনেই সে সিদ্ধান্ত নিক, কী করা দরকার। ওর বয়স মাত্র ২৩, এর মানে ওর মধ্যে দেওয়ার এখনো অনেক কিছু আছে। ওর উচিত না আর সময় নষ্ট করা। এটা খেলোয়াড়ের জন্য খুবই অস্বস্তিকর এবং আশা করি এর সমাধান হবে।’