সানচেস আছেন বিতর্কেও

ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও এ মুহূর্তে পর্তুগিজদের মুখে সম্ভবত তাঁর নামটাই বেশি ঘুরছে। শুধু পর্তুগাল কেন, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর রেনাতো সানচেসকে নিয়ে ফুটবল-বিশ্বের উন্মাদনাও চোখে পড়ার মতো। তবে প্রদীপের নিচের অন্ধকারের মতোই চারদিক থেকে ভেসে আসা উচ্ছ্বসিত প্রশংসার মাঝে সানচেসকে ঘিরে থাকা বিতর্কগুলোও এসে গেছে সামনে।
শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলেছেন। পোল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলের সমতাসূচক গোল করে গড়েছেন ইতিহাস। এই মিডফিল্ডারই ইউরোর নকআউট পর্বে সবচেয়ে কমবয়সী গোলদাতা। কিন্তু বিতর্কও উঠছে তাঁর বয়স নিয়ে, আসলেই কি সানচেসের বয়স ১৮?
লিসবনের উপশহর আমাডোরায় জন্ম তাঁর। ফুটবলে হাতেখড়ি লিসবনের পাশের মুসগেইরার দরিদ্র অঞ্চলের রাস্তায়। কিন্তু সানচেসের জন্মতারিখ ১৮ আগস্ট, ১৯৯৭ নিয়ে পর্তুগালের ক্রীড়াবোদ্ধাদের মধ্যেই বিতর্ক হয়। বেনফিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং লিসবনের পরিচালকেরাই এই বিতর্কে সবচেয়ে বেশি সোচ্চার। স্পোর্টিংয়ের সভাপতি পদের সাবেক প্রার্থী ও টিভি ধারাভাষ্যকার কার্লোস সেভেরিনো গত নভেম্বরে প্রথম বোমা ফাটান এই বলে—সানচেস ‘বয়সের তুলনায় তার শারীরিক গঠন অনেক বেশি পরিণত।’ যেটির কারণ হিসেবে এও বলেন, ‘সানচেস নিশ্চয়ই অনেক ভিটামিন খায়।’ বিতর্কিত ওই মন্তব্যের জন্য অবশ্য মানহানির অভিযোগ আনা হয় সেভেরিনোর বিরুদ্ধে।
তবে জার্নাল দো নোটিসিয়াস পত্রিকার তদন্তে বিতর্কটি মুছে যাওয়ার কথা। উপযুক্ত প্রমাণসহ পত্রিকাটি জানায়, সানচেসের জন্মতারিখ ঠিকই আছে। তবে তাঁর জন্মনিবন্ধন হয় পাঁচ বছর পর, ২২ আগস্ট, ২০০২ সালে। আসলে সানচেসের বয়স যখন মাত্র পাঁচ মাস, তাঁর বাবা (মায়ের সঙ্গে তত দিনে বিচ্ছেদ হয়ে যায়) ফ্রান্সে চলে যান। পাঁচ বছর পর আবার পর্তুগালে ফিরে ছেলের জন্ম নিবন্ধন করান। সানচেসের বয়স নিয়ে সন্দেহ জাগার কারণ হয়তো এই বিলম্বিত নিবন্ধন।
সানচেসকে ঘিরে আরেকটি বিতর্ক ছড়াচ্ছে তাঁর ‘সাবেক’ হতে যাওয়া ক্লাব বেনফিকার কারণে। আগুইয়াস দা মাসগেইরা থেকে ছোট্ট সানচেসকে নেওয়ার সময় যে বোনাসের প্রতিশ্রুতি দিয়েছিল বেনফিকা, সেটি নাকি এখনো দেয়নি! মাত্র ৭৫০ ইউরো দিয়ে আগুইয়াসকে বেনফিকা প্রতিশ্রুতি দিয়েছিল ২৫টি বল দেওয়া হবে, আর সানচেস পেশাদার ফুটবলার হলে দেওয়া হবে বোনাস। কিন্তু এখন বায়ার্ন মিউনিখের কাছে ৩৫ মিলিয়ন ইউরোতে সানচেসকে বিক্রি করার পরও সেই বোনাস নাকি দেওয়া হয়নি। আগুইয়াস সভাপতি আন্তোনিও দা সিলভা বলছেন, ‘বল বা অর্থ, এখনো কোনোটিই পাইনি আমরা।’
এসব বিতর্ক কি সানচেসের মধ্যে খুব প্রভাব ফেলবে? রাস্তায় ফুটবল খেলে বড় হয়েছেন বলেই হয়তো ঝামেলার মধ্যেও শান্ত-স্থির থাকার গুণটি অল্প বয়সেই আত্মস্থ করেছেন। গত এপ্রিলেই তো রিও আভের সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের জবাবে শুধুই স্মিত হেসেছিলেন, পরে নিজেই মজা করেছেন বানরের অঙ্গভঙ্গি করে। বেনফিকার একাডেমিতে তাঁর সাবেক কোচ রেনাতো পাইভাও যেমন বলেছেন, ‘রেনাতো সব সময়ই অনেক দুঃসাহসী, ও রাস্তার ফুটবল থেকে উঠে আসা খাঁটি ফুটবলার।’ বলেছেন সানচেসের গড়ে ওঠার গল্পটাও, ‘প্রথম দিকে ও একটু দুর্বিনীত ছিল। কারণ যেখানে ও বড় হয়েছে সেখানে নিয়মের বালাই ছিল না। এ কারণে প্রথম দিকে ওর মানিয়ে নিতে কষ্ট হয়েছে, এমন একটা দুনিয়ায় ও এসে পড়ে যেখানে নিয়মটা বেশ জরুরি।’
কিন্তু সানচেস মানিয়ে নিয়েছেন। নিজেকে এমনভাবে গড়ে তুলেছেন, পাসিং, শক্তি, গড়ন মিলিয়ে তাঁর তুলনা এখনই হচ্ছে এডগার ডাভিডস-ক্লারেন্স সিডর্ফদের মতো সাবেকদের সঙ্গে। টুইট যদি তাঁর মানসিক দর্শনের প্রতিফলন ঘটায়, এমনটাই কি হওয়ার কথা ছিল না? গত সপ্তাহে সানচেস লিখেছিলেন, ‘কখনোই বুঝতে পারবেন না আপনি কতটা শক্ত, যতক্ষণ না শক্ত হয়ে ওঠাই আপনার একমাত্র উপায় হয়।’ এএফপি।