সানজিদা-কৃষ্ণাদের চোখ 'ফাইনাল' জয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ম্যাচটিকে বলা হচ্ছে অলিখিত ‘ফাইনাল’। 

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ মুখোমুখি হবে চীনা তাইপের। ‘সি’ গ্রুপের অন্যতম শক্তিশালী দলটির সঙ্গে জিতলেই চূড়ান্ত পর্বে ওঠার বড় বাধাটা পার করবে সানজিদা-কৃষ্ণারা।
চীনা তাইপে তিন ম্যাচের একটিও হারেনি। তিন ম্যাচের সবগুলোতে জয় বাংলাদেশেরও। তারপরও পয়েন্ট তালিকায় সবার ওপরে চীনা তাইপে। গোলপার্থক্যে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট ৯ পেয়েও বাংলাদেশ দুইয়ে। ৫ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ দুর্বল সংযুক্ত আরব আমিরাত; বাংলাদেশের মেয়েরা স্বপ্ন দেখার সাহস পাচ্ছে এ জন্যই।
বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন কিন্তু এই ম্যাচটিকেই দেখছেন ‘ফাইনাল’ হিসেবে, ‘প্রতিযোগিতা শুরুর আগে বলেছিলাম এখানে চীনা তাইপে ও ইরান ফেবারিট। বাংলাদেশ হিসেবে ছিল না। কিন্তু বাংলাদেশ সবার কাছে প্রমাণ করেছে, আমরাও ফেবারিট। অন্য ম্যাচের মতোই আজও জয়ের জন্যই মাঠে নামবে মেয়েরা। চীনা তাইপে ও আমাদের পয়েন্ট সমান বলে ম্যাচটা অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।’
এই মুহূর্তে বাংলাদেশ দলটা দারুণভাবে উজ্জীবিত। ডিফেন্ডার থেকে ফরোয়ার্ড—গোল করছে সবাই! কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে গোল করেছে ছয়জন। সব মিলিয়ে তিন ম্যাচে আটজন ফুটবলার গোল পেয়েছে। আজও ছন্দটা ধরে রাখতে চায় মেয়েরা। চায় জয় নিয়ে মাঠ ছাড়তে।
চীনা তাইপের ফরোয়ার্ড হি জিন-রো, মিডফিল্ডার চিং-ইয়ুন নাইন, ইয়া-জি ঝেং ও সু ইউ-হুসান বক্সে ঢুকে আতঙ্ক ছড়িয়েছেন প্রতি ম্যাচে। এদের ওপর আলাদা নজর রাখার পরিকল্পনা কোচের।
সর্বশেষ ম্যাচে ডিফেন্ডার মাসুরা ও ফরোয়ার্ড স্বপ্নাকে বিশ্রামে রেখেছিলেন কোচ। আজ এদের কাছ থেকে সেরাটা পাওয়ার আশায় কোচ গোলাম রব্বানী। তবে অলিখিত ফাইনাল নিয়ে কোনো চাপে নেই মেয়েরা। কোচ গোলাম রব্বানী কাল অনুশীলন শেষে বলছিলেন, ‘এই মেয়েরা গত দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের বাইরে খেলেছে। তখন ওদের চেহারায় কোনো স্নায়ুচাপের কিছুই দেখিনি। এখানে ঘরের মাঠে আরও বেশি স্বাভাবিক খেলবে ওরা। চাপ নয়, বরং খেলাটা উপভোগই করবে মেয়েরা।’