সানডে গিয়েছেন, মানডে এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল দিয়েই ঢাকায় অভিষেক হয়েছে মানডের। ছবি: প্রথম আলো
গোল দিয়েই ঢাকায় অভিষেক হয়েছে মানডের। ছবি: প্রথম আলো

সানডে চিজোবা ও মানডে ওসাজিও। ঢাকার মাঠের দুই নাইজেরিয়ান ফুটবলার। সানডে আক্রমণভাগের। মানডে রক্ষণের। প্রথমজন এ বছরই বাংলাদেশ ছেড়েছেন। আর দ্বিতীয়জন এসেছেন এবারই। ফুটবল মহলে চালু হয়ে গেছে রসিকতা—সানডে গিয়ে এসেছে মানডে।
আবাহনী লিমিটেডের স্ট্রাইকার সানডেকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মাঝখানে এক বছর বিরতি দিয়ে ২০১১ সাল থেকে গত মৌসুম পর্যন্ত ঢাকার মাঠে নিয়মিত খেলেছেন তিনি। ২৭ বছর বয়সী এই নাইজেরিয়ান ঢাকার মাঠে ‘গোলমেশিন’ পরিচিতিও পেয়েছিলেন। শেষ মৌসুমে ১৯ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। তার আগের মৌসুমেও তাঁর পা থেকে এসেছিল ১০ গোল। এই মৌসুমে চোটের কারণে আবাহনী আর আনেনি তাঁকে। তবে রহমতগঞ্জের জার্সিতে এসেছেন তারই স্বদেশি মানডে ওসাজিও। রক্ষণভাগের খেলোয়াড় হলেও গোল দিয়েই ঢাকায় অভিষেক হয়েছে তাঁর।
গোলটাও করেছেন দুর্দান্ত—ফ্রি কিক থেকে। আরামবাগের বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে লিগে শুভসূচনাও করেছে তাঁর দল রহমতগঞ্জ। মানডের আনন্দটা সে কারণেই, ‘গোল করেছি, দল জিতেছে। আমি খুবই খুশি। বাংলাদেশে ভালোই লাগছে।’
সানডে যে তাঁর খুব ভালো বন্ধু জানিয়েছেন সেটিও, ‘সানডে আমার খুবই ভালো বন্ধু। ও থাকলে ভালো হতো। সময়টা আরও আনন্দে কাটানো যেত।’
ঢাকার মাঠে এর আগে আরও অনেক বাহারি নামের ফুটবলার খেলে গিয়েছেন। ১৯৮৮ সালে ব্রাদার্স ইউনিয়নে আরেক সানডের সঙ্গে খেলেছিলেন ‘লাভডে’ নামের এক নাইজেরিয়ান ফুটবলার। ১৯৯৫ মৌসুমে মোহামেডানের জার্সিতে খেলেছেন লাডি বাবালোলা ও বোডে বাবালোলা। নামের মিল দেখে সাদা-কালোর সমর্থকেরা প্রথমে দুজনকে আপন ভাই ভাবতেন। আসলে বাবালোলা ছিল নাইজেরীয় নামের উপাধি।