ম্যাচটা শেষ হতে যেন হাঁফ ছেড়ে বাঁচল আবাহনী। তিনটি পয়েন্ট তো পাওয়া গেল! রহমতগঞ্জ যেভাবে পাল্টা-আক্রমণে জেরবার করে তুলছিল ছাড়ছিল আকাশি-নীল দলকে, স্কোরলাইন ৩-২ না হয়ে অন্য রকমও হতে পারত।
এ জন্য আক্ষেপ করতে পারে রহমতগঞ্জ। তৃতীয় গোলটা পেতে পেতেও পায়নি। আবাহনীর রক্ষণ খেই হারিয়ে ফেলে রহমতগঞ্জের চাপের মুখে। উঁকি দিচ্ছিল দুই দলের প্রথম পর্বের ম্যাচের স্মৃতি। শেষ মুহূর্তে গোল করে আবাহনীর কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছিল রহমতগঞ্জ (২-২)। তবে কাল সেটির পুনরাবৃত্তি করতে পারেনি।
৮২ মিনিটে আবাহনী মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলের বিপক্ষে রহমতগঞ্জ নিতে চেয়েছে সুযোগ। কিন্তু প্রথম পর্বে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া আবাহনী অতিসতর্ক থেকেই শেষ করেছে ম্যাচ। দ্বিতীয় পর্বে পা হড়কালেই শিরোপার লড়াই থেকে পিছিয়ে পড়তে হবে আরও—এমন শঙ্কায় আবাহনীকে এই পর্বের প্রথম ম্যাচটা পার করালেন সানডে।
নাইজেরিয়ান এই স্ট্রাইকারকে নিয়ে কাল প্রথম খেলতে নামে আবাহনী। ঢাকা মাঠের পুরোনো এই বিদেশি খেলোয়াড় ২০ মিনিটে স্কোরলাইন ২-০ করার আগে মরিসন করেছেন প্রথম গোল। ৩৫ মিনিটে রহমতগঞ্জের সোহেল ২-১ করলে জমে ওঠে লড়াই। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে সানডে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটা করার পর মনে হচ্ছিল জয় নিয়ে ভাবতে হবে না আবাহনীকে। কিন্তু দলটার গাঁথুনি এমনই আলগা যে, প্রতিপক্ষের সামান্য ধাক্কাতেই নড়ে ওঠে। রক্ষণ হারিয়ে ফেলে ভারসাম্য। তারই ফসল ঘরে তোলে রহমতগঞ্জ। ৪৮ মিনিটে নুরুল আবসার পেনাল্টি থেকে ২-৩ করে ফেলেন, ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে।
দুই পেনাল্টি মিলিয়ে ৫ গোলের ম্যাচটা বেশ উপভোগ্যই ছিল। শেষ দিকে তো বারবার ‘ইশ্, ইশ্’ শব্দ শোনা গেছে। রহমতগঞ্জ সবই করল, কিন্তু তৃতীয় গোলটা আর পেল না।