সানডের জোড়া গোলে আরও সামনে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গোলের উল্লাস সানডে সিজোবার। ছবি: সৌরভ দাশ।
জোড়া গোলের উল্লাস সানডে সিজোবার। ছবি: সৌরভ দাশ।

প্রিমিয়ার লিগে এখন প্রতিটি ম্যাচই বাড়তি গুরুত্ব নিয়ে আসছে শিরোপা প্রত্যাশীদের কাছে। দুই আবাহনী যেমন নেমেছে সেই লড়াইয়ে। ঢাকা আবাহনী এ ক্ষেত্রে সুবিধাজনক জায়গায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম অাবাহনীর চেয়ে পাঁচ পয়েন্টের অগ্রগামিতা ধরে রাখতে আজ আরামবাগের বিপক্ষে জয়টা জরুরিই ছিল বড় আবাহনীর। সেই জয় তারা পেয়েছে ২-০ গোলে। চট্টগ্রাম পর্ব থেকে শেখ রাসেল, শেখ জামালের মতো ঢাকা আবাহনীও ফিরছে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে।

১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট ঢাকা আবাহনীর। চট্টগ্রাম আবাহনীর ৩৪। এই অগ্রগমিতা আবাহনীর কোচ জর্জ কোটানের মুখে হাসি ছড়িয়েছে ম্যাচের পর, ‌‌‘ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। এই ব্যবধানটা ধরে রেখে চ্যাম্পিয়ন হতে চাই।’

ফরোয়ার্ডরা গোল না পাওয়ায় আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে আবাহনী। আজ গোল পেলেন সানডে সিজোবা। ১৯ ও ৭১ মিনিটে জোড়া গোল করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। লিগে তাঁর হলো ১৮টি। তবে গোল করে দলকে হয়তো তিন পয়েন্ট এনে দিয়েছেন সানডে, কিন্তু আজও মাঠজুড়ে খেলেছেন লি। আক্রমণ-রক্ষণ সবই করেছেন। আবাহনীর আসল নায়ক এই ব্রিটিশ প্লে-মেকারই।