সানডের জোড়া গোলে শীর্ষে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ফাইল ছবি
আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ফাইল ছবি
>গোলের লড়াইটা ভালোই জমে উঠেছে জীবন ও সানডের। আজকের জোড়া গোলের পর সাত গোল নিয়ে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার বাল্লো ফামুসার সঙ্গে গোলদাতার শীর্ষে সানডে। তাঁর পিছু ছাড়ছেন না জীবন। ছয় গোল করে তৃতীয় স্থানে আছেন জাতীয় দলের স্ট্রাইকার।

আবাহনী লিমিটেডের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ফুটবলে গোল মেশিন হিসেবে তাঁর পরিচিতি। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজও করেছেন জোড়া গোল। তাঁর দুই গোলের কল্যাণেই সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর অন্য গোলটি নাবীব নেওয়াজ জীবনের।

ম্যাচের ৯ মিনিটে জীবনের গোলেই এগিয়ে যায় আবাহনী। বেলফোর্টের ক্রস থেকে গোলের খাতা খুলেছেন আবাহনী স্ট্রাইকার। এর পরে শুরু হয় সানডে ম্যাজিক। ২৮ মিনিটে ২-০ করেছেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার। এবারও বলের জোগানদাতা হাইতিয়ান স্ট্রাইকার বেলফোর্ট। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ৩-০ করে সাইফকে ম্যাচ থেকে একেবারেই ছিটকে দেন সানডে।। লিগে এটি তাঁর সপ্তম গোল। ৬৩ মিনিটে ব্যবধান কমিয়েছে রাশিয়ান স্ট্রাইকার ডেনিস বলশাকেভ।

নিজেদের মধ্যে গোলের লড়াইটা ভালোই জমে উঠেছে জীবন ও সানডের। আজকের জোড়া গোলের পর সাত গোল নিয়ে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার বাল্লো ফামুসার সঙ্গে গোলদাতার শীর্ষে সানডে। তাঁর পিছু ছাড়ছেন না জীবন। ছয় গোল করে তৃতীয় স্থানে আছেন তিনি। লিগে ১৫ গোল করতে চান জাতীয় দলের এই স্ট্রাইকার, ‘এবার লিগে শুরু থেকেই খুব ভালো অনুভব করছি। সে জন্য গোলও পাচ্ছি নিয়মিত। লিগে ১৫ গোল করতে চাই।’

ময়মনসিংহে আবাহনী বড় জয় পেলেও দিনের অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।

আজকের জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। দুই ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সাইফ। দশ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ জামাল। আর ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চট্টগ্রাম আবাহনী।