সানডের দিনে আবাহনীতে আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী স্ট্রাইকার সানডে সিজোবার হ্যাটট্রিক  আনন্দ l প্রথম আলো
আবাহনী স্ট্রাইকার সানডে সিজোবার হ্যাটট্রিক আনন্দ l প্রথম আলো

ঢাকার ফুটবল মাঠ তাঁর চেনা নিজের হাতের তালুর মতোই। সেই চেনা মাঠে লিগে নিয়মিত গোল পেলেও এত দিন হ্যাটট্রিক পাননি। সানডে সিজোবা সেটি পেলেন কাল, এবারের লিগে নিজেদের ১৩তম ম্যাচে এসে। এই হ্যাটট্রিকটি আবার এল প্রিমিয়ার লিগের ৭৪টি ম্যাচ পেরিয়ে যাওয়ার পর। নাইজেরিয়ান স্ট্রাইকারের জ্বলে ওঠা সন্ধ্যায় আবাহনী ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফেনী সকারকে। ১৪টি গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাও সানডে।
লিগে নিজেদের পঞ্চম শিরোপা জয়ের পথে দৃপ্ত পায়েই এগিয়ে চলেছে আবাহনী। ম্যাচ শেষে জর্জ কোটানের মুখে তাই চওড়া হাসি। শেখ জামালের সঙ্গে ড্রয়ের পর টানা চার ম্যাচ জিতল আকাশি-নীল দলটি। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট, সবার ওপরে থাকা দলটি নিজেদের অবস্থান শক্ত করল আরও।
দিনটা সানডেরই ছিল, তবে ভাগ্যদেবীও যেন সাহায্য করেছে তাঁকে। দুই উইং দিয়ে তাঁকে বলের জোগান দিয়েছেন লি টাক ও জুয়েল রানাও। হ্যাটট্রিক পেলেও পেনাল্টি থেকে অবশ্য গোল করতে ব্যর্থ হয়েছেন সানডে। ওই পেনাল্টি কিকটি ফেনী সকারের গোলরক্ষক সুজনের হাত ফসকে বেরিয়ে গেলে জুয়েল রানা বাড়িয়ে দেন তাঁকেই। সেটি থেকে গোল করেই আক্ষেপ ঘোচান পেনাল্টি-ব্যর্থতার।
সানডে এর আগে সর্বশেষ হ্যাটট্রিক পেয়েছিলেন ফেডারেশন কাপে। এবারের লিগে প্রথম হ্যাটট্রিক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি, ‘হ্যাটট্রিক করতে পেরে খুব ভালো লাগছে। তবে বেশি ভালো লাগছে দল জিতেছে বলে। লিগ শেষে কত গোল করব, তা নিয়ে মোটেও ভাবছি না। আমার লক্ষ্য এখন একটাই, দলকে চ্যাম্পিয়ন করা।’
আবাহনীর ঠিক উল্টো যাত্রা যেন ফেনী সকারের। সকার কাল হারল টানা ষষ্ঠবারের মতো। কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগের দুটি দলের সঙ্গে ভাগাভাগি করে আবাসিক ক্যাম্প করতে হচ্ছে, দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার—এ নিয়ে খেলোয়াড়দের নিত্য অভিযোগ। পারিশ্রমিকও নাকি ঠিকমতো পাচ্ছেন না ফুটবলাররা। মানসিকভাবে বিধ্বস্ত সকার দলটির পারফরম্যান্সেও যেন পড়ছে এসবের ছাপ।
১৮ মিনিটে জুয়েলের গোলে প্রথমে এগিয়ে যাওয়া আবাহনী ২৬ মিনিটে ২-০ করে সানডের গোলে। ৫৩ মিনিটে ফেনীর ডিফেন্ডার কামারা মামুদা বক্সের ভেতরে জুয়েল রানাকে ফেলে দিলে পেনাল্টি পায় আবাহনী। কিন্তু পেনাল্টি থেকে গোল পাননি সানডে। বাঁ দিকে ঝাঁপিয়ে তা রুখে দেন গোলরক্ষক সুজন। কিন্তু ফিরতি বলটি জুয়েল রানার মাধ্যমে সানডের কাছে যেতেই আলতো টোকায় করেন ৩-০। ৫৮ মিনিটে ডিফেন্ডার ওয়ালী ফয়সালের ভুল আর গোলরক্ষক হাবুডুবু খাওয়ায় একটি গোল শোধ করেন ফেনী সকারের উচে ফেলিক্স (৩-১)। এরপর ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সানডে। বদলি নামার খানিক পরই ৮৮ মিনিটে গোল করে নজর কাড়েন তরুণ সাদ উদ্দিন (৫-১)। ম্যাচের শেষ দিকে চোখে আঘাত পাওয়ায় উঠে যেতে বাধ্য হন ফেনীর গোলরক্ষক সুজন। তিন ফুটবলার বদলির কোটা শেষ হওয়ায় মিনিট চারেক ডিফেন্ডার ওলাবানজি আলানি খেলেছেন গোলরক্ষক হিসেবে! ম্যাচের যোগ হওয়া সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেনী সকারের স্ট্রাইকার চৌমরিন রাখাইন।