
হোসে মরিনহো সান্তা ক্লজের বেশে! লাল পোশাকে সাদা দাড়ির মরিনহো উপহার দিয়ে বেড়াচ্ছেন—দৃশ্যটা বেশ কৌতূহলোদ্দীপক। বাস্তবে এমন করবেন কি না কে জানে। তবে শিষ্যদের জন্য এবারের বড়দিনে উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন মরিনহো। গত বছর বড়দিনের আগে ইংলিশ কাপে সান্ডারল্যান্ডের কাছে হেরে যায় চেলসি। সঙ্গে সঙ্গে ফুটবলারদের বড়দিনের অনুষ্ঠান বাতিল করে দিয়েছিলেন। আর এবার? টানা ১৯ ম্যাচ দল অপরাজিত, লিগে পয়েন্ট তালিকার শীর্ষে, ইংলিশ কাপের কোয়ার্টার ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে দল। তাই খোশমেজাজে থাকা মরিনহো ঘোষণা দিয়েছেন, এই ডিসেম্বরে খেলোয়াড়েরা তাঁদের পরিবারের সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠান উদ্যাপন করবে। গত রাতে সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল চেলসির। চেলসি যদি সান্ডারল্যান্ডের কাছে হেরেই যায়, কে জানে মরিনহো এবারও অনুষ্ঠান বাতিল করেন কি না! ডেইলি মেইল।