সান্তোসে যাচ্ছিলেন ম্যারাডোনা!
পেলের ক্লাবে ম্যারাডোনা খেলছেন—পৃথিবীর ‘অষ্টম আশ্চর্য’ই হতে পারত এমন ঘটনা। তবে এমন অবিশ্বাস্য কিছু প্রায় ঘটেই যাচ্ছিল ১৯৯৫ সালে। স্বয়ং পেলের সম্মতিতেই তাঁর সাবেক ক্লাব সান্তোসে খেলার কথা হচ্ছিল ম্যারাডোনার!
সান্তোসের সাবেক সভাপতি সামির জর্জ আবদুল-হক সম্প্রতি গোল ব্রাজিল ওয়েবসাইটকে দিলেন অবাক করা এই তথ্য। ১৯৯৪ বিশ্বকাপে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ম্যারাডোনা নিষিদ্ধ হয়েছিলেন ১৫ মাস, সেই নিষেধাজ্ঞা শেষে তাঁকে সান্তোসে নেওয়ার ব্যাপারে নাকি কথাবার্তা চলছিল।
আলফ্রেডো সাদ নামে পেলে, ম্যারাডোনা ও আবদুল-হকের এক বন্ধু ছিলেন রিও ডি জেনিরোতে। সেখানেই আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে এ ব্যাপারে কথা হয় পেলে ও আবদুল-হকের।
সাবেক সান্তোস সভাপতির স্মৃতিচারণা, ‘আমরা প্রতি সপ্তাহে সেখানে যেতাম। ম্যারাডোনাও একদিন এল। পেলে ও আমি তাঁর সঙ্গে কথা বললাম। আমি সান্তোসে খেলার কথা বলতে তিনি তা বেশ পছন্দও করলেন। ম্যারাডোনাকে বললাম, সান্তোসে খেলতে তাঁর ভালো লাগবে, এমনকি এটি পেলের ক্লাব হওয়ার সত্ত্বেও। পুরো একটি বিকেল আমরা এ নিয়ে আলোচনা করলাম।’
সান্তোসের পরিচালকেরা ৩৫ বছর বয়সী ম্যারাডোনার জন্য আকাশচুম্বী অঙ্ক দিতে রাজি না হওয়ায় ওই আলোচনা আর এগোয়নি। আবদুল-হকও হতাশই হয়েছিলেন, ‘শেষ পর্যন্ত আমরা ম্যারাডোনার সঙ্গে বেতনের ব্যাপার নিয়ে আলোচনায় যেতে পারিনি। কারণ, তিনি তখন “ম্যারাডোনা”। আমাদের মনে হয়েছিল, তাঁর মূল্য অনেক বেশি হবে। এটা লজ্জার।’
সান্তোস পরিচালকেরা অতটুকু ‘বেরসিক’ না হলেও পারতেন! গোলডটকম।