সান্ত্বনাটুকুও পেল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশায় মোড়ানো আরেকটি ম্যাচ। ছবি: শামসুল হক
হতাশায় মোড়ানো আরেকটি ম্যাচ। ছবি: শামসুল হক

তিনটা পরিষ্কার সুযোগ। গোল হওয়াই উচিত ছিল। সেই তিনের দুটো কাজে লাগালেও অন্তত সান্ত্বনাটুকু পেত বাংলাদেশ। জর্ডানের মতো দলের জালে দুই গোল হয়তো সামনের দিনের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবেও কাজ করত। কিন্তু না, শেষ পর্যন্ত শূন্য হাতেই ফেরা। বাংলাদেশের নামের পাশে শূন্য থাকলেও জর্ডান কিন্তু প্রতিটা সুযোগ মুঠো ভরে নিয়েছে। তাদের নামের পাশে তাই চার গোল। বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার পর এবার নিজেদের মাঠেও বড় হার সঙ্গী বাংলাদেশের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অতিরক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে পাল্টা আক্রমণে খেলেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও বেশি সাহসী হয়ে খেলতে গিয়েই অবশ্য সর্বনাশটি হলো। প্রথমার্ধের ২-০ স্কোরলাইনটাকে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটেই ৪-০ বানিয়ে ফেলল সফরকারীরা। স্কোরলাইন অবশ্য ম্যাচের পুরো গল্পটা বলছে না।
খেলার ১৮ মিনিটে মামুনুলের কর্নার থেকে ইয়াসিনের ফাঁকায় পেয়ে যাওয়া হেডটা লক্ষ্য খুঁজে পাওয়াই উচিত ছিল। প্রথমার্ধজুড়েই দারুণ খেলেছেন জুয়েল রানা। নিজের গতি দিয়ে মাঝে মধ্যেই জর্ডান রক্ষণভাগকে কাঁপিয়েছেন। খেলার ৩১ মিনিটে ডান দিক দিয়ে ঢুকে পড়েছিলেন। আগুয়ান গোলরক্ষক আমের শফিকে কাটিয়ে ডি-বক্সেও ঢুকলেন। কিন্তু সতীর্থ জাহিদ হোসেন এমিলি দেরি করায় ফাঁকা পোস্ট পেয়েও জালে বল পাঠাতে পারেনি বাংলাদেশ।
৪২ মিনিটে আরও একটা সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। যে সুযোগ হাতছাড়া করাটা নিশ্চয় পোড়াবে জুয়েল রানাকে। এমিলির লম্বা এক থ্রু পাস থেকে বল পেয়েছিলেন। গোলরক্ষক শফির পাশ দিয়ে পোস্টের দিকে বলও ঠেলে দিয়েছিলেন এই উইঙ্গার। কিন্তু এবারও পোস্টের বাইরে!
জর্ডান কিন্তু কোনো সুযোগই হাতছাড়া করেনি। প্রথমার্ধের এগারো মিনিটের মাথায় এগিয়ে গেল আবদুল্লাহ দিবের পেনাল্টিতে। সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। রেফারির চোখে অপরাধী আতিকুর রহমান। বল তাঁর হাতে লেগেছিল ঠিকই, কিন্তু ইচ্ছাকৃত হ্যান্ডবল নয়। বিতর্কিত এই গোলের পরও খেলায় ফিরে আসতে পারত বাংলাদেশ। কিন্তু ৩১ মিনিটের মাথায় এমিলি-জুয়েলের সেই জড়ভরত অবস্থার সুযোগ নিয়ে প্রতি আক্রমণে ওঠে জর্ডান। ওদে জাহরান বল পাঠিয়ে দেন বাংলাদেশের জালে। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় জর্ডানের মিডফিল্ডার আবদুল্লাহ দিব গোলটি পেয়ে গেলেন যেন দাঁড়িয়ে দাঁড়িয়েই। বাংলাদেশ দল দম ফেলতে না ফেলতেই রেজাই আইয়েদের গোল। স্কোরলাইন ৪-০।
তৃতীয় এবং চতুর্থ গোলের জন্য সম্পূর্ণ দায়ী বাংলাদেশের রক্ষণ ভাগ। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ দল দম হারিয়েছিল নাকি মনোযোগ, সেটি কৈফিয়ত দাবি রাখেই। বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদ কেবল দর্শক হয়েই জালে বল জড়াতে দেখেছেন। ৪ গোলের পরও চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ। কিন্তু আরও দুটি হাফ চান্স হাতছাড়া করেছেন আবদুল বাতেন কমল এবং এমিলি। জর্ডানের মতো দলের বিপক্ষে এতগুলো সুযোগ তৈরি যদি হয় বাংলাদেশের সাফল্য, সেই সুযোগগুলোকে গোলে রূপান্তর করতে না পারা অবশ্যই বড় ধরনের ব্যর্থতা।
অস্ট্রেলিয়া ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশের অবস্থা। আজ জর্ডানের বিপক্ষে গোল করার এমন অক্ষমতা নিয়ে কেবল বাংলাদেশই আন্তর্জাতিক ফুটবল খেলতে নামার সাহস দেখাতে পারে। সে সাহসের প্রশংসা করবেন নাকি সমালোচনা, সেটা আপনিই ঠিক করুন!