সান্ত্বনাটুকুও পেল না যুক্তরাষ্ট্র

ম্যাচটা আদতে শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার। ফাইনালে উঠতে না পারা দুই দলের ম্যাচ তো আসলে সান্ত্বনা ছাড়া আর কিছু নয়। সেই হিসেবে চাপহীন একটা ম্যাচে গোলের রোমাঞ্চ ছড়ানোই স্বাভাবিক। কোপা আমেরিকার আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের স্কোরলাইন অবশ্য ঠিক সেই কথা বলছে না। যুক্তরাষ্ট্রকে মাত্র ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। তবে ম্যাচের পুরো চিত্রটা ঠিক স্কোরলাইন দেখে বোঝা যাচ্ছে না। আক্রমণ-পাল্টা আক্রমণে যে জমজমাট ছিল ম্যাচ!
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের পর যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান বলেছিলেন, প্রতিপক্ষকে তারা বেশিই সম্মান দিয়ে ফেলেছেন। সেই কথাটা বোধ হয় ডেম্পসিরা মনে রেখেছেন। আজ যুক্তরাষ্ট্র শুরু থেকেই গোলের জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনা চীনের প্রাচীর হয়ে যাওয়ায় গোল আর মিলছিল না। কলম্বিয়া অবশ্য গোল পেয়ে যায় ৩১ মিনিটেই। হামেস রদ্রিগেজের দুর্দান্ত এক চিপ থেকে সান্তিয়াগো আরিয়াসেড হেড খুঁজে নেয় কার্লোস বাক্কাকে। কাছ থেকে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি বাক্কা।
গোল খেয়ে জেগে ওঠে যুক্তরাষ্ট্র, একের পর এক আক্রমণও করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সমতা ফেরানো সেই গোল আর পাওয়া হয়নি। ডেম্পসির শট দারুণভাবে ফিরিয়ে দিয়েছেন অসপিনা, জারমেইন জোনসের শট চলে গেছে বার ঘেঁষে। এই টুর্নামেন্টেই তাই দুবার কলম্বিয়ার কাছে হারতে হলো যুক্তরাষ্ট্রকে। এর আগে গ্রুপ পর্বেও কলম্বিয়া জিতেছিল ২-০ গোলে। স্বাগতিক যুক্তরাষ্ট্র পেয়েছিল, অন্তত তৃতীয় হয়ে সান্ত্বনাটুকু পেতে। তাও পাওয়া হলো না।
ক্লিন্সমানও ফিনিশিংয়ের ব্যর্থতাকেই দায়ী করলেন, ‘ওরা একটা সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়েছে, আমরা বেশ কয়েকটা পেয়েও সেটা পারিনি।’ কোপার এই বিশেষ আসর যুক্তরাষ্ট্রের জন্য সুযোগ ছিল ফুটবলের দাঁড়িপাল্লায় নিজেদের ওজন মেপে নেওয়ার। সেটা ক্লিন্সমান নিশ্চয়ই বুঝেছেন।