সান্দ্রো: বার্সেলোনার নতুন হিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসে গেছে বার্সার নতুন হিরো ছবি: এএফপি।
এসে গেছে বার্সার নতুন হিরো ছবি: এএফপি।

এল মাদ্রিগুয়েলে সেদিন বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচের আগে সান্দ্রো রামিরেজ নামটি কয়বার শুনেছিলেন বলতে পারেন? খুব একটা শোনার কথা নয়। কারণ সেদিনই বার্সার জার্সি গায়ে অভিষেক ঘটেছে ১৯ বছর বয়সী এই তরুণ-তুর্কির। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারানোর শঙ্কা যখন লুইস এনরিকের শিষ্যদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ঠিক তখনই নিজের নামখানা জারি করে দিলেন এই সান্দ্রো। ম্যাচের ৮২ মিনিটে তাঁর গোলেই পয়েন্ট হারানো থেকে বেঁচে গেল বার্সেলোনা। সবার আলোচনার মধ্যমণি হয়ে উঠলেন এই সান্দ্রো। বড় দলের জার্সি গায়ে এমন অভিষেকের কপাল আর কয়জনের হয়। মাদ্রিগুয়েলের ওই ম্যাচ যেন সাক্ষী হয়ে রইল এক নতুন তারকার জন্মলগ্নের।
লা মেসিয়ায় তাঁর পরিপূর্ণ ফুটবলার হয়ে ওঠা। বার্সেলোনার আঁতুড়ঘর এই মেসিয়া একাডেমির কিশোরদের স্বপ্ন কেবল বার্সার জার্সি গায়ে চাপানোই নয়, দলের জয়ে অবদান রাখাও। সেদিক দিয়ে একেবারে লক্ষ্যভেদিই তাঁর অভিষেক। তিনি অভিষিক্তও হয়েছেন, দারুণ এক গোলে অবদানও রেখেছেন দলের জয়ে।
লা পালমাসে জন্ম নেওয়া সান্দ্রো বার্সেলোনার যুবকেন্দ্রে যোগ দিয়েছিলেন ২০০৯ সালে, অনেক স্বপ্ন নিয়ে। ছোটবেলা থেকেই ফুটবলটা ভালোই খেলতেন। আগ্রহও ছিল আকাশছোঁয়াই। লাস পালমাসের একটি ছোটদের ক্লাবে খেলা শুরু করেই প্রতিজ্ঞা ছিল তাঁর বড় কিছুর। সেই প্রতিজ্ঞাপূরণের পথে লা মেসিয়া একাডেমির প্রশিক্ষণ তাঁর জীবনে অন্য রকম গুরুত্বই বহন করছে। গত মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলে অভিষেকই তাঁর উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল। এবার তো কোচ লুইস এনরিকে তাঁকে নামিয়ে দিলেন সিনিয়র দলেরই জার্সি গায়ে। এলচের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচেই তিনি অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু তাঁর বিধিলিপি লেখা ছিল আরও বড় পরিসরে। দলের ত্রাণকর্তা হয়ে অভিষিক্ত হওয়ার ভাগ্য হয়েছে তাঁর। এখন প্রয়োজন কেবল এগিয়ে যাওয়ার। তিনি পারবেন কি না, সেটা সময়ই ভালো বলতে পারবে। আপাতত তিনি উপভোগ করুন বর্তমানকেই।
বর্তমানে তিনি বেশ উপভোগের মেজাজেই আছেন। তাঁর ক্লাব বার্সেলোনা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সান্দ্রোকে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বর্ণনা করে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটি লা মেসিয়ায় বিভিন্ন সময় করা সান্দ্রোর গোলগুলোর একটি সংকলন। এটি প্রকাশ করে বার্সা ওয়েবসাইটে লেখা কথাগুলো কিন্তু চমত্কার, ‘দারুণ অভিষেকের লগ্নটির উদ্দীপনা তাঁকে নিয়ে যাক অনেকদূর। এল মাদ্রিগুয়েলের গোলটি সান্দ্রোর অসাধারণ এক ক্যারিয়ারের প্রেরণা হয়েই থাকুক। এটাই সব নয়। সবকিছুর শুরু।’