সাফ থেকে বেরিয়ে গেল আফগানিস্তান
চ্যাম্পিয়নদের ছাড়াই সাফ টুর্নামেন্ট! হ্যাঁ, আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় নবম সাফে থাকছে না আফগানিস্তান। শুধু এই সাফ নয়, সাফ টুর্নামেন্টে আর খেলবে না তারা। দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্র থেকে দেশটি বেরিয়ে যোগ দিয়েছে মধ্য এশিয়ায়।
তারা চেষ্টা করছিল আগে থেকেই। সেটি সফল হলো মেলবোর্নে ৯ জানুয়ারি এএফসির বিশেষ কংগ্রেসে। এই কংগ্রেসেই আলোচনা হয় আফগানিস্তানের মধ্য এশিয়ায় যোগ দেওয়ার প্রস্তাবটি। তাতে সম্মতি দিয়েছে এশিয়ার সব দেশ। কংগ্রেস থেকে দেশে ফিরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, সাফের ক্ষতি হবে না এমনটা ভেবেই আফগানিস্তানের বেরিয়ে যাওয়ার প্রস্তাবে সাফের পক্ষ থেকে আপত্তি তোলা হয়নি।
এশিয়ার ফুটবল এত দিন বিভক্ত ছিল দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও আসিয়ান অঞ্চলে। দক্ষিণের সঙ্গে ছিল মধ্য এশিয়া। এখন মধ্য এশিয়া আলাদা হওয়ায় পাঁচটি অঞ্চল হলো এশিয়ার ফুটবলে। মধ্য এশিয়ায় দল ছিল মাত্র পাঁচটি—ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। ইরান খুব করেই চাইছিল একটি দল বাড়াতে। পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানকে নিতে তারা তদবির চালিয়ে আসছিল এএফসিতে।
আফগানিস্তান চলে যাওয়ায় সাফে দলসংখ্যা সাতে নেমে এল। ২০০৫ চতুর্থ করাচি সাফ ফুটবলে আফগানিস্তানের সাফ অভিষেক। আফগানিস্তান আসার পর সাফে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে দলটি এই অঞ্চলে ছড়ি ঘোরাতে শুরু করে যাতে ভারতও পাত্তা পাচ্ছিল না।
তবে আফগানিস্তানের বিদায়ে সাফের জৌলুশ কমবে না বলেন মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল, ‘আফগানিস্তান চলে যাওয়ায় তারা আরও ওপরের স্তরে খেলতে পারবে। এতে তাদের লাভ হলো। তবে সাফের কোনো ক্ষতি হবে না।’