সাফ ফুটবলে নেই পাকিস্তান
পাকিস্তান ফুটবলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। সম্প্রতি প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে নিতে। কিন্তু বৃহত্তর কার্যক্রম বন্ধ। তারই জেরে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে খেলেনি পাকিস্তান। এবার জাতীয় দলের সাফ টুর্নামেন্টেও না খেলার ঘোষণা দিল দেশটি।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কাল দিলেন এই খবর, ‘পাকিস্তান বলেছে তাদের অভ্যন্তরীণ সমস্যা আছে। সাফে খেলতে পারবে না। তাদের কোনো প্রস্তুতি নেই।’ ভারতের কেরালায় আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত হবে এবারের সাফ ফুটবল। আট থেকে দল কমে গেল একটি। তবে পাকিস্তান না খেলায় বাংলাদেশের ক্ষতিবৃদ্ধি কিছু হয়নি। কারণ পাকিস্তান ছিল ভারতের গ্রুপে, যেখানে শ্রীলঙ্কা ও নেপাল আছে। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে লড়াই করেই বাংলাদেশকে উঠতে হবে সেমিফাইনালে।