সাফজয়ী কিশোরদের দায়িত্বে বাফুফে
টেবিলের ওপর একগুচ্ছ রজনীগন্ধা। পাশেই সংবর্ধনায় পাওয়া ক্রেস্টগুলো। নিজেদের মধ্যে গল্পে মশগুল শাওন, সাদ, নিপুরা। হঠাৎই মঞ্চ থেকে নেমে এসে ওদের গল্পে যোগ দিলেন কাজী সালাউদ্দিন। খোঁজখবর নিলেন অনূর্ধ্ব-১৬ সাফজয়ী দলটির সবার।
ছোটদের সাফ জিতে বাফুফে ও সাফ সভাপতির হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে এই কিশোরেরা। আগামীর ফুটবলারদের জন্য কাল একটা বিশেষ পরিকল্পনার কথা জানালেন কাজী সালাউদ্দিন। আগামী চার বছরের জন্য এই ফুটবলারদের সব দায়িত্ব বাফুফের। শুধু তা-ই নয়, কোনো পেশাদার ক্লাব চাইলেই এদের কিনতে পারবে না। কিনতে হলে বাফুফেকেই আগে টাকা দিতে হবে।
এই ফুটবলারদের নিয়ে সালাউদ্দিনের পরিকল্পনা হলো, ‘আগামী চার বছর ওদের থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক সব খরচই দেবে ফুটবল ফেডারেশন। আমরা এরই মধ্যে ওদের সঙ্গে একটা চুক্তি সই করে ফেলেছি। ওদের জন্য শিগগিরই বিদেশি কোচ আসবে। বাফুফে একাডেমি ওদের ছাড়পত্র না দিলে ওরা অন্য ক্লাবে যেতে পারবে না। এ ক্ষেত্রে সারা বিশ্বে পেশাদার ফুটবল কেনাবেচায় যে প্রক্রিয়া চালু আছে আমরাও সেটাই অনুসরণ করব।’
আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টের জন্য আপাতত বাফুফের আবাসিক ক্যাম্পে আছে কিশোর ফুটবলাররা। এই টুর্নামেন্ট শেষে সবাই সিলেটের একাডেমিতে ফিরে গিয়ে অন্য ফুটবলারদের সঙ্গে অনুশীলন করবে। বাফুফে সভাপতি জানালেন, একাডেমিতে যাওয়া মানেই ওদের টিকে থাকার গ্যারান্টি নয়, ‘এখানকার সব ছেলে কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবে না। কেউ ভালো পারফর্ম করবে, কেউ করবে না। যারা করবে না, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি তাদের রাখতে পারব না। সেখানে নতুন কিছু খেলোয়াড় গিয়ে ঢুকবে। এটাই আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।’
বাফুফের একাডেমিকে এশিয়ার অন্যতম সেরা একাডেমি হিসেবে দেখতে চান সালাউদ্দিন, ‘আমি প্রক্রিয়াটা চালু করে দিয়ে যেতে চাই। যাতে ভবিষ্যতেও এই ফর্মুলাটা কাজ করে। আশা করি, আগামী চার বছরের মধ্যে এটা হবে এশিয়ার অন্যতম সেরা একাডেমি।’
বাফুফে সভাপতির এই পরিকল্পনা অধিনায়ক শাওনকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে দিচ্ছে, ‘আমাদের নিয়ে যে সবার অনেক আশা, সেটা আমরাও বুঝতে পেরেছি। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের এখন আরও মনোযোগ দিয়ে খেলতে হবে।’